রূপগঞ্জে পুলিশ পরিচয়ে দুই গাড়িতে ডাকাতি

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১২:৪৯ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে পুলিশ পরিচয় দিয়ে দুই প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ভোরে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের ৪ নম্বর ব্রিজের কাদিরারটেক ও লেংটার মাজার এলাকায় আলাদা আলাদা সময় ডাকাতির ঘটনা ঘটে।

রূপগঞ্জ উপজেলার পুবেরগাঁও এলাকার মালয়েশিয়া প্রবাসী আমজাদ হোসেন জানান, মঙ্গলবার ভোররাত ৪টার দিকে মালয়েশিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে স্ত্রী ও বাবাকে নিয়ে একটি মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা হন। সোয়া ৫টার দিকে কাদিরারটেক এলাকায় আসামাত্র একটি মাইক্রোবাসযোগে একদল ডাকাত নিজেদের পুলিশ পরিচয় দিয়ে গাড়ির গতিরোধ করে। পরে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে সোনার অলংকার, নগদ টাকাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

অন্যদিকে, মৌলভীবাজার সদর উপজেলার পাদুনাথপুর এলাকার দুবাই প্রবাসী আবদুল কাদির জানান, তিনি ভোরে দুবাই থেকে হরযত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে ছোট ভাই ও ছোট ভাইয়ের বন্ধুকে নিয়ে একটি মাইক্রোবাসে বাড়িতে ফিরছিলেন। লেংটার মাজার এলাকায় পৌঁছলে একটি মাইক্রোবাসযোগে এসে পুলিশ পরিচয় দিয়ে একদল ডাকাত সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালপত্র লুটে নেয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, ‘এ ধরনের ঘটনার অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত