আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন কিনা- এ নিয়ে এক বছরের বেশি সময় ধরে সিদ্ধান্তহীনতায় ভূগছিলেন তামিম ইকবাল। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাকে ফেরানোর জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছেন। গণমাধ্যমে বলেছেন তামিমের প্রয়োজনীয়তার কথা। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি তামিমকে চেয়েছিলেন। এবার তামিমের অবসরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে লিখলেন আবেগময় পোস্ট।
আজ শনিবার দুপুরে ফেসবুকে শান্ত লিখেছেন, ‘প্রিয় তামিম ভাই, আপনার নেওয়া সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। ২০১৬ সালে আবাহনীর হয়ে প্রথমবার আপনার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা থেকে শুরু করে জাতীয় দলে একসঙ্গে খেলার সুযোগ, আপনার কাছ থেকে শিখেছি অসংখ্য কিছু। আপনার ক্রিকেটীয় মেধা, সহ-খেলোয়াড়দের প্রতি আপনার যত্নশীলতা ও উদারতা আমাকে বারবার মুগ্ধ করেছে।’
শান্ত আরও লিখেছেন, ‘আপনার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত অবশ্যই আপনাকে ভাবতে হয়েছে, এবং সেটিকে আমি শ্রদ্ধা জানাই। তবে ড্রেসিং রুমে এবং ২২ গজে আপনার সঙ্গ আমরা ভীষণভাবে মিস করব। আমি গর্বিত যে এমন এক কিংবদন্তি ব্যাটারের সঙ্গে ড্রেসিং রুম ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছি এবং জাতীয় দলে আপনার সঙ্গে খেলতে পেরেছি। দোয়া করি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সময়গুলো আনন্দময় হোক। ভালো থাকবেন, তামিম ভাই।’
তামিমের ‘দ্বিতীয়’ অবসর ঘোষণায় যা বলছেন ক্রিকেটাররা
নাম না করে হাথুরু-সাকিবকেই দায়ী করলেন তামিম