গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৪ সদস্য আটক

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৭:৪৪ পিএম

গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে পরীক্ষা চলাকালে গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বহিষ্কার করা হয়।

আটকরা হলেন- ডিভাইসসহ আবু সায়েম মন্ডল (২৩), রাশেদ আহমেদ হৃদয় (২২) ও আসাদুজ্জামান (২১) ও শাহ সুলতান (২৫)।

গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ প্রশাসনের আওতায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৩টি ও হিসাব সহকারী ৩টি পদের লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৪ জনকে আটক করা হয়।

তারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদের প্রার্থী হয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আটকদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার জানান, আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত