পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণকালে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে লিফলেট বিতরণ শেষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষ পুরাতন বাসস্ট্যান্ড থেকে লিফলেট বিতরণ শুরু করে শহরের মধ্যে টাইন ক্লাব মাঠে উপস্থিত হয়। এসময় একই সংগঠনের অপর পক্ষ শহরের শহীদ মিনার চত্বর থেকে লিফটে বিতরণ শুরু করে টাউন ক্লাবের সামনে আসে। এসময় লিফলেট বিতরণ শেষে দুই পক্ষ টাউন ক্লাব মাঠে এক হলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়স্ত্রনে আনে।
জাতীয় নাগরিক কমিটির পিরোজপুর সদর উপজেলা প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি জানান, জেলার সব উপজেলার বৈষম্যবিরোধী নেতারা আমার সঙ্গেই আছে। আমাদের কোনো গ্রুপ নেই। আমরা শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ করে টাউন ক্লাব মাঠে অবস্থান নেই। এসময় আওয়ামী লীগ ও স্থানীয় দুই নেতার দলবল আমাদের ওপর চড়াও হয়।
আরেক পক্ষের নেতৃত্বে থাকা ছাত্র প্রতিনিধি মুইন উদ্দিন বলেন, ছাত্রলীগ নেতা মুসাব্বির মাহমুদ সানি শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলেন না। আন্দোলনের পর তারা সংগঠনে যোগ দিয়ে সংগঠনের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে আমাদের বাদ দিয়ে ঢাকা থেকে জাতীয় নাগরিক কমিটির শাখা নিয়ে আসে এবং আজ আমাদের নেতাদের ওপর হামলা চালায়। আমরা যারা শুরু থেকে ছাত্র আন্দোলনের সঙ্গে রয়েছি তাদেরকে বাদ দিয়ে ওরা নাগরিক কমিটি ঘোষণা করেছে।
পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান বলেন, লিফলেট বিতরণকে কেন্দ্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
আনন্দ মোহন কলেজে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ
যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম