পাঁজরের হাড় ভেঙেছে বাসন্তীর, অর্থকষ্টে বর্ষীয়ান অভিনেত্রী

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:১৭ পিএম

মাসখানেক আগেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন বাংলা ছবির স্বর্ণযুগের অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। কিন্তু ফের গুরুতর অসুস্থ এই বর্ষীয়ান অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে সেই খবর শেয়ার করলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।

মঙ্গলবার সকালে এক ফেসবুকে পোস্টে অভিনেতা লিখেন, ‘আবার অসুস্থ, কাজ করতে পারছেন না। তার মধ্যে বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে। নিদারুণ কষ্টে দিন কাটছে তার।’

এমনকী সরকারের সাহায্য ও সাধারণ মানুষকে সাহায্য করার জন্যও নিবেদন করলেন ভাস্বর। তিনি লিখেন, ‘প্রতিবারের মত স্নেহাশিস চক্রবর্তীদা আপ্রাণ সাহায্য করছেন। এছাড়াও সবার কাছে আবেদন করছি যদি আপনারা আর্থিক সাহায্য কিছু পাঠান তাহলে উনার খুব সুবিধা হয়। আমি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনুরোধ করতে চাই, যাতে তিনি কিছু সাহায্য করতে পারেন।’

সেই পোস্টে বাসন্তী চট্টোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএসএসসি কোডও শেয়ার করেছেন ভাস্বর। 

দীর্ঘদিন ধরেই নানা রোগে জর্জরিত বাংলা ছবির স্বর্ণযুগের অভিনেত্রী। কাজ করেছেন মহানায়ক উত্তম কুমারের সঙ্গে। প্রসেনজিৎ-ঋতুপর্ণার ছবিতেও কাজ করেছেন। 'মঞ্জরী অপেরা', ‘ঠগিনী’, ‘আলো’র মতো ছবিতে অভিনয় করেছেন। তাকে দেখা গেছে 'বরণ', ‘দুর্গা দুর্গেশ্বরী’, ‘ভূতু’ সব বহু ছবিতে অভিনয় করেছেন।

তারপরও তিনি ছোট পর্দায় দাপিয়ে অভিনয় করে চলেছিলেন। অর্থকষ্টের কারণেই এই বৃদ্ধবয়সে এসে কাজ চালিয়ে যেতে একপ্রকার বাধ্য বাসন্তীদেবী। তার বয়স এখন ৮৫ বছর।

এর আগে ২০২৪ সালের এপ্রিল মাসে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই সময় দমদমের এক নার্সিংহোমে ভর্তি করা হয় বর্ষীয়ান অভিনেত্রীকে। সেই সময়ও অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়-সহ আরও অনেকেই অভিনেত্রীকে সাহায্য করেছিলেন। 

উল্লেখ্য, বর্তমানে ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে দেখা যাচ্ছে বাসন্তীকে। যদিও অসুস্থতার কারণে নিয়মিত শ্যুটে উপস্থিত থাকতে পারেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত