শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়ার পর গাছের ডালে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০১:২২ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় আম গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মো. বিপ্লব (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ তথ্য জানান গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজম। এর আগে, গতকাল বুধবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের অন্তগত নতুন বলাকী গ্রামে নয়াকান্দি-ভবেরচর বাসস্ট্যান্ড সড়কের পাশে আম গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

মো. বিপ্লব ঢাকা জেলার বাড্ডা থানার বেড়াইত এলাকায় মো. আক্তার হোসেনের ছেলে। তিনি নতুন বলাকী গ্রামের রুহুল আমিনের মেয়ের জামাতা বলে জানা গেছে। 

স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যায় নতুন বলাকী গ্রামে শ্বশুর রুহুল আমীনের বাড়িতে বেড়াতে আসেন বিপ্লব। পারিবারিক অশান্তির কথা ভেবে তখন শ্বশুরবাড়ির লোকজন তাকে চলে যেতে বলেন। এতে মন খারাপ করে বিপ্লব শ্বশুর বাড়ি থেকে চলে যান।পরে রাত সাড়ে ১১টায় দিকে পার্শ্ববর্তী নয়াকান্দি গ্রামের এক ব্যক্তি ভবেরচর বাজার থেকে বাড়ি যাওয়ার সময় নতুন বলাকী গ্রামের চাঁন মিয়ার বাড়ির সামনে আম গাছে একজনকে ঝুলে থাকতে দেখে চিৎকার দেন। এরপর আশেপাশের লোকজনে এগিয়ে এসে দেখতে পান গাছে বিপ্লবের লাশ ঝুলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

জানা গেছে, বিপ্লবের সঙ্গে ছয় বছর আগে নতুন বলাকী গ্রামের রুহুল আমীনের মেয়ে রাবেয়ার (২৭) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিপ্লব। তাদের দাম্পত্য জীবনে দুটি কন্যা সন্তান রয়েছে।

ওসি আনোয়ার আলম আজম বলেন, বিপ্লব মাদকাসক্ত ছিলেন। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত