আল নাসরের মালিকও হচ্ছেন রোনালদো

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:০৯ পিএম

সৌদি আরবের ক্লাব আল নাসরের আংশিক মালিকানা পাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ক্লাবটির মালিকানা স্বত্বের ৫ শতাংশ তার হাতে তুলে দিচ্ছে আল নাসর। রোনালদোর নিবেদন ও মাঠে অবদান বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাবের মালিকপক্ষ।

এর পাশাপাশি রোনালদোকে দেওয়া হয়েছে আরেকটি অবিশ্বাস্য চুক্তি। নতুন এক মৌসুমের জন্য তাঁকে দেওয়া হবে ১৮ কোটি ৩০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২৯৫ কোটি টাকা। এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেননি পর্তুগিজ মহাতারকা।

আল নাসরের মালিকানা অংশ পাওয়ার পাশাপাশি প্রতি মাসে প্রায় ১৯১ কোটি টাকা, সপ্তাহে প্রায় ৪৪ কোটি টাকা এবং দিনে প্রায় ৬ কোটি ৩০ লাখ টাকা আয় করবেন রোনালদো। প্রতি মিনিটে প্রায় ৪৩ হাজার টাকা এবং প্রতি সেকেন্ডে ৭১৬ টাকা আয় করবেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম এই চুক্তিকে বর্ণনা করেছে ‘শতাব্দীর সেরা চুক্তি’ হিসেবে। রোনালদো ২০২২ বিশ্বকাপ শেষে আল নাসরে যোগ দিয়েছিলেন ২০ কোটি ইউরো মূল্যের এক চুক্তিতে। এর মাধ্যমে তিনি শুধু সৌদি ফুটবলেরই নয়, বিশ্ব ফুটবলের ইতিহাসেও বাণিজ্যিকভাবে এক নতুন অধ্যায়ের সূচনা করেন।

রোনালদোকে দলে রাখতে শুধু মালিকানা ও অর্থ নয়, তাঁর দেওয়া একটি বিশেষ শর্তও মানতে হচ্ছে আল নাসরকে। মার্কা জানিয়েছে, দলের শক্তিমত্তা বাড়াতে রোনালদো নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর নাম উল্লেখযোগ্য।

কাসেমিরো আল নাসরে যোগ দিলে এটি হবে তৃতীয়বার রোনালদোর সঙ্গে একই ক্লাবে খেলা। রিয়াল মাদ্রিদে একসঙ্গে চারটি চ্যাম্পিয়নস লিগ জেতা এই জুটি ইউনাইটেডেও একত্রে খেলেছেন। যদিও ইংল্যান্ডের ক্লাবে সাফল্যের দেখা পাননি তারা।

রোনালদোর এই নতুন চুক্তি শুধু ফুটবলের জন্য নয়, ক্রীড়া জগতের বাণিজ্যিক দিকেও এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। সৌদি ফুটবলে তার অবদান যেমন গুরুত্বপূর্ণ, তেমনই ক্লাবের উন্নতিতে তাঁর ভূমিকা আরও গভীর হবে বলে মনে করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত