কৃষি জমির মাটি কাটায় ৭ লাখ টাকা জরিমানা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১০:৪১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অভিযোগে তিনজনকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)  সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গাজালা পারভীন রুহির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অর্থদণ্ড দেন।

উপজেলা প্রশাসন জানায়, উপজেলার ধরখার ব্রীজের পূর্ব-পশ্চিম দুই পাশে ও মনিয়ন্দ এলাকার টানমান্দাইল গ্রামে বুধবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজলা পারভীন রুহির নেতৃত্বে প্রশাসন অভিযান পরিচালনা করে। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে বানিজ্যিক উদ্দেশ্যে ফসলি জমি খনন করায় মালিকবিহীন অবস্থায় ৫টি ড্রাম ট্রাক জব্দ করে প্রশাসন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় জব্দকৃত ট্রাক মালিক শেখ জুনায়েদ ও উসমান গণিকে দুই লাখ টাকা করে এবং মজিবুর রহমানকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত তিনজনের বাড়ি উপজেলার ধরখার গ্রামে। জব্দকৃত ট্রাক ছাড়াতে এসে এই জরিমানার কবলে পড়ে তারা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গাজলা পারভীন রুহি জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত