তৃতীয় রাউন্ডে ‘লাকি লুজার’ লিস

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১২:৪৭ এএম

টেনিসে ‘লাকি লুজার’ নামে একটি প্রপঞ্চ প্রচলিত রয়েছে। কোয়ালিফায়ারে হেরে যাওয়ার পরও যারা প্রতিযোগিতার মূল পর্বে জায়গা করে নেন সেইসব ভাগ্যবান কিংবা ভাগ্যবতী বিজিতদের ডাকা হয় এ নামে। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে চারজন সুযোগ পেয়েছেন এই ক্যাটাগরিতে। তাদের মধ্যে জার্মানির ইভা লিস দুই রাউন্ড পেরিয়ে জায়গা করে নিয়েছেন তৃতীয় রাউন্ডে। বিশ্ব র‌্যাংকিংয়ে ৬১তম বাছাই গ্র্যান্ড সø্যামজয়ী ব্রিটিশ তারকা এমা রাদুকানু ক্যারিয়ারের প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন তৃতীয় রাউন্ডে। তবে ওই ম্যাচে তিন কোর্টে নামবেন বিশ্বের দ্বিতীয় বাছাই পোলিশ তারকা ইগা সোয়ানতেকের।

ইউক্রেনে জন্ম নেওয়া ২৩ বছরের জার্মান তরুণী লিস বিশ্ব র‌্যাংকিংয়ের ১২৮তম বাছাই। প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়া কিম্বার্লি বিরেলকে হারানো ম্যাচের মাত্র ১০ মিনিট আগে তিনি জানতে পেরেছিলেন মূল পর্বে খেলার কথা। লিস বলেন, ‘পরের দিনের বিমানের ফ্লাইট ঠিক করা ছিল আমার। হঠাৎই আমার নামের ঘোষণা শুনতে পাই। কোনো ওয়ার্ম-আপ ছাড়াই ম্যাচে নামতে হয়েছিল আমাকে। অবশ্য আপনি যদি লাকি লুজার হন তাহলে আপনার আশা করার কিছু নেই, কেননা, এই সুযোগ পাওয়ার আগেই আসলে আপনার টুর্নামেন্ট শেষ হয়ে গিয়েছিল।’

এমন আরেক লাকি লুজার হলেন ব্রিটেনের হ্যারিয়ার ডার্ট। মূল পর্বে খেলার ডাক পাওয়ার সময় তিনি ছিলেন ফিজিও টেবিলে। ওই অবস্থাতেই এক ঘণ্টার নোটিসে কোর্টে নামতে হয়। প্রথম রাউন্ডে জয় পেলেও দ্বিতীয় রাউন্ডে ১৮তম বাছাই ক্রোয়েশিয়ান ডোনা ভেকিচের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাকে। এরপরও এমন ভাগ্য শুধু কোর্টে নয় আর্থিকভাবেও লাভবান করতে পারেন একজন খেলোয়াড়কে। লাকি লুজার হয়ে প্রথম রাউন্ড খেলতে পারলেই একজন খেলোয়াড় ৬৭ হাজার পাউন্ড আর্থিক পুরস্কার পান, যা বাছাইয়ের তৃতীয় রাউন্ড (২৫ হাজার ৩০০ পাউন্ড) থেকে প্রায় তিনগুণ বেশি। সাধারণত আসরে বেশি দূর এগোতে পারেন না লাকি লুজাররা। গত ৩০ বছরের মধ্যে প্রথম লাকি লুজার হিসেবে ২০২৩ ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলোয় উঠেছিলেন এলিনা আভানেসইয়ান। উন্মুক্ত যুগে এ পর্যন্ত আসা পঞ্চম খেলোয়াড় তিনি। ২০১৮ সালে চারটির সবগুলোয় সুযোগ পেয়ে ‘লাকি লুজার গ্র্যান্ড সø্যাম’ উপাধি জিতেছিলেন কানাডার পিটার পোলানস্কি।

দ্বিতীয় রাউন্ডে ২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন ২২ বছর বয়সী রাদুকানু ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যামান্ডা আনিসিমোভার মতো শক্ত প্রতিপক্ষকে। এ জয়ের পথে ব্যথার সঙ্গে লড়াইও করতে হয়েছে। ম্যাচের মাঝেই দুবার ফিজিওর শরণাপন্ন হতে হয় তাকে। জয়ের পর রাদুকানু বলেন, ‘দ্বিতীয় রাউন্ড পেরোতে পারা আমার জন্য অনেক বড় ব্যাপার। ব্যথা সত্ত্বেও খেলাটা চালিয়ে যেতে পেরে আনন্দিত।’ তৃতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ পাঁচটি গ্র্যান্ড সø্যামজয়ী সোয়ানতেকের বিপক্ষে মাঠে নামার আগে নিজের শারীরিক অবস্থার উন্নতি নিয়ে কাজ করার কথাও জানান রাদুকানু, ‘শুক্রবার একটু হালকা অনুশীলন করব। ব্যথা কমানোর চেষ্টা করব।’ দ্বিতীয় রাউন্ডের ম্যাচে স্লোভাকিয়ার রেবেকা স্রামকোভাকে ৬-০ ও ৬-১ গেমে উড়িয়ে দেন সোয়ানতেক।

দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছেন পুরুষদের নম্বর ওয়ান ও বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার। জিতেছেন সেরা দশে থাকা টেইলর ফ্রিটজ, অ্যালেক্স ডি মিনর ও গয়েল মনফিলসরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত