জাতীয় দলে ফেরার আর কোনো চিন্তা-ভাবনাই নেই তামিম ইকবালের। কদিন আগেই আনুষ্ঠানিকভাবে বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন বাঁহাতি অভিজ্ঞ এই ওপেনার। তবে জাতীয় দল ছাড়ার পর তামিমের ভবিষ্যৎ ভাবনা কী! ক্রিকেট প্রশাসনে তার যোগ দেওয়ার একটা গুঞ্জন ইতিমধ্যে বেশ আলোচনা তৈরি করেছে। যদিও এখনই বিষয়টি নিয়ে বলার মতো কোনো কিছু নেই বলে নিশ্চিত করেছেন তামিম।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুরের ম্যাচে ঢাকা ক্যাপিটালকে হারানোর পর সংবাদ সম্মেলনে এসে এমনটাই বলেছেন তামিম, ‘এই মুহূর্তে বলার মতো অবস্থা নেই ভাই (ক্রিকেট বোর্ডে আসা)।’
তবে ফিটনেস ঠিকঠাক থাকলে বিপিএল আরও খেলার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি, ‘এখন তো অবসরে লিজেন্ডস লিগের জন্য কোয়ালিফাই করব। ওসব খেলব। যদি প্রিমিয়ার লিগ হয় সময় মতো, ওটা খেলব। আর ইনশাল্লাহ যদি ফিট থাকি বিপিএল খেলতে থাকব।’
জাতীয় দল থেকে বিদায় নিলেও এখনো খেলাতেই ফোকাস রাখছেন তামিম। সামনে থাকা বিভিন্ন লিগ ও টুর্নামেন্টে খেলার প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী তামিম বলেন, ‘যতটুকু পারি খেলতে থাকব। আমার ফোকাস এখন খেলা নিয়ে। সামনে অনেক টুর্নামেন্ট আছে।’
বরিশালের জয়ের পর দলের কম্বিনেশন নিয়েও কথা বলেছেন তামিম। ছয় ম্যাচ পেরিয়ে গেলেও সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া কঠিন বলে মনে করেন তিনি।
তামিম বলেন, ‘সঠিক কম্বিনেশন কী, এখনো বলা কঠিন। ছয় ম্যাচ হয়ে গেছে। সামনের ম্যাচগুলোতেও দেখবেন কিছু পরিবর্তন আসবে। প্রতিটি দলের জন্য সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া খুব জরুরি। যত তাড়াতাড়ি সম্ভব।’
তিনি আরও যোগ করেন, ‘প্রথম দুই-তিন ম্যাচে দল একই রকম ছিল। এরপর দুটো বড় পরিবর্তন ছিল মায়ার্স ও শাহীন। আজকের ম্যাচের জন্য কম্বিনেশন ভালো ছিল। কাল হয়তো ভিন্ন কিছু দেখবেন।’
