বাগেরহাটে নছিমন উল্টে চালকসহ নিহত ২

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:৩৪ এএম

বাগেরহাটের মোংলায় নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন উল্টে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গত বুধবার রাতে মোংলা উপজেলার গাছির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামের ওয়াজেদ আলী শেখের ছেলে রোকন উদ্দিন (৬০) ও খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা গ্রামের জাফর মোল্লার ছেলে দিদার মোল্লা (৩২)।

স্থানীয়দের বরাত দিয়ে মোংলা থানার ওসি আনিছুর রহমান বলেন, রাত ২টার দিকে মোংলা উপজেলার অভ্যন্তরীণ সোনাইলতলা-পেড়িখালী সড়কের গাছির মোড় এলাকার কালভার্টের সামনে দ্রুতগামী একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে স্তূপ করে রাখা পাথরের ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক দিদার ও শ্রমিক রোকন মারা যান। নছিমনে থাকা অন্য দুজন গুরুতর আহত হন। রাতে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে নছিমন চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এদিকে বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুন্না (১৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বারপুর মাদারতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুন্না বারপুর এলাকার আলমের ছেলে।

ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই লালন হোসেন জানান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আবার জেলার শেরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি (৬৫) নিহত হয়েছেন। গত বুধবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শেরপুর উপজেলা উপ-কর কমিশনারের কার্যালয়ের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রোড রিভাইডার পার হওয়ার সময় ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনার শিকার হন। লাশের ওপর দিয়ে কয়েকটি গাড়ি যাওয়ার লাশ পিষ্ট হয়ে গেছে। বাহ্যিকভাবে নিহত ব্যক্তিকে দেখে পরিচয় শনাক্ত করার মতো অবস্থায় নেই।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম গতকাল বলেন, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশের সুরতহাল শেষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে হতাহতের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট যাত্রী ছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী দোয়েল এক্সপ্রেস সিøপার বাস এবং বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দোয়েল এক্সপ্রেসের ড্রাইভার সুমন ও হানিফ বাসের ড্রাইভার জসিম গুরুতর আহত হন।

দোহাজারী হাইওয়ে থানার এসআই মোহাম্মদ আবদুল মতিন বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। পরে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত