গাজীপুর মহানগর আওয়ামী লীগের সামরিক সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশেনর সাবেক কাউন্সিলর মামুন মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মামুন ম-ল ২০১৩ ও ২০১৮ সালে গাজীপুর ৩৫ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন।
উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মামুন মন্ডলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে গাজীপুর মহানগরীর গাছা থানায় একাধিক মামলা রয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নেতা কবিরুল ইসলাম শিকদার ওরফে কবির শিকদারকে আটক করেছেন সেনা সদস্যরা। গত বৃহস্পতিবার রাতে নগরীর সার্কিট হাউজ-সংলগ্ন নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। তিনি মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক এবং কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। গতকাল সকালে সেনাবাহিনীর ক্যাম্প-১ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মইনুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন উপজেলার কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম মুক্তা (৪০) ও হাতিবান্ধা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ফরহাদ শিকদার (৫২)। গতকাল তাদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মিছিল নিয়ে সখীপুর পৌরশহরের তালতলা চত্বরে যায়। সেখানে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে ২৬ আগস্ট রাতে সখীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদুল ইসলাম অন্তর বাদী হয়ে ১৬৭ জনের নাম উল্লেখ করে সখীপুর থানায় মামলা করেন।
