আজহারীর মাহফিল শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:২৪ পিএম

লালমনিরহাটে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল শেষে ট্রেনে করে বাড়ি ফেরার পথে রাজ নামের কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকার হাজরানীয়া এ দুর্ঘটনা ঘটে।

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রাজ কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর মুশরত মদাতি গ্রামের মহুবর রহমানের ছেলে। রাজ পঞ্চম শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল উপলক্ষে কয়েক লাখ মানুষের সমাগম হয়। অনেকে ভিড়ের কারণে ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। মাহফিল শেষে ফেরার পথে দিনাজপুরের বিরল থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী ডাউন ৭১ ট্রেনটি হাজরানিয়া এলাকায় পৌঁছালে মানুষের চাপের কারণে রাজ ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান বলেন, ‘শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। খবর পেয়ে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। তারা ফিরে এলে ঘটনার কারণ বলতে পারব। তবে সে ট্রেনের ছাদে ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত