জরায়ুমুখ-স্তন ক্যানসারে মৃত্যু ৫০%-এর বেশি

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৪:৪৬ এএম

বাংলাদেশে প্রতি বছর ৮ হাজার ২৬৮ জন নারী নতুন করে জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হচ্ছেন এবং বছরে এ ক্যানসারে মারা যাচ্ছেন ৪ হাজার ৯৭১ জন। মৃত্যুর এ সংখ্যা নতুন আক্রান্ত রোগীর ৬০ শতাংশ। অন্যদিকে স্তন ক্যানসারে বছরে নতুন করে আক্রান্ত হচ্ছেন ১৩ হাজার ২৮ ও মারা যাচ্ছেন ৬ হাজার ৭৮৩ জন। মৃত্যুর এ সংখ্যা বছরে মোট স্তন ক্যানসার রোগীর ৫২ শতাংশ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপটি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত সরকারের ‘এস্টাবলিশমেন্ট অব ন্যাশনাল সেন্টার ফর সার্ভিক্যাল অ্যান্ড ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং অ্যান্ড ট্রেনিং অ্যাট বিএসএমএমএমইউ’ প্রকল্প থেকে।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ সপ্তাহ’ শীর্ষক অনুষ্ঠানে জরিপের তথ্য তুলে ধরেন প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আশরাফুন্নেসা।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা জানান, বর্তমানে প্রতি ১ লাখ নারীর মধ্যে ১২ জন জরায়ুমুখ ক্যানসার ও ১৯ জন স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। এ ছাড়া ২-৩ শতাংশ ত্রিশোর্ধ্ব বয়সী নারী ক্যানসারপূর্ব অবস্থায় আছেন। বর্তমানে এ বয়সী নারীর সংখ্যা ৩ কোটি ২৭ লাখ ৫০ হাজার জন। সে হিসাবে ক্যানসারপূর্ব বা ক্যানসার অবস্থায় আছেন ৬ লাখ ৫৫ হাজার থেকে ৯ লাখ ৮২ হাজার ৫০০ জন নারী।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা বলেছেন, জরায়ুমুখ ক্যানসার কমানোর জন্য ক্যানসার পূর্বাবস্থা বা ক্যানসার আক্রান্ত নারীদের খুঁজে বের করে তাদের চিকিৎসা দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকরা আরও বলেন, এ দুই ক্যানসারে আক্রান্ত রোগীর বেঁচে থাকা অনেকাংশে নির্ভর করে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও কার্যকরী চিকিৎসার ওপর। দেরিতে রোগ শনাক্ত হলে সঠিক চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়ে ও মৃত্যুঝুঁকি বেড়ে যায়।

চিকিৎসকরা সতর্ক করে দিয়ে বলেছেন, দেশে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই এ দুই রোগের চিকিৎসা সুবিধা সীমিত ও ব্যয়বহুল। সুতরাং প্রাথমিক পর্যায়ে রোগ দুটি শনাক্ত করা গেলে মৃত্যু সংখ্যা কমিয়ে আনা সম্ভব।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, পরীক্ষা ও ভ্যাকসিনের মাধ্যমে স্তন ক্যানসার ও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ করা সম্ভব। স্তন ক্যানসার পরীক্ষার জন্য সিবিই ও জরায়ুমুখ ক্যানসার পরীক্ষার জন্য ভায়া টেস্ট করা অত্যন্ত জরুরি। পাশাপাশি জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে নারীদের ভ্যাকসিন নেওয়া উচিত।

অনুষ্ঠানে রোগ দুটি প্রতিরোধে সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়। বলা হয়, সরকার ২০০৫ সাল থেকে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যানসারের মৃত্যুহার কমিয়ে আনতে কাজ করছে। বর্তমানে সারা দেশে ৫০০টি সেবাকেন্দ্রে বিনামূল্যে জরায়ুমুখ ও স্তন ক্যানসার শনাক্ত করা হচ্ছে। রাজধানীর বিএসএমএমইউ, জাতীয় ক্যানসার গবেষণা ও হাসপাতাল, সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং নির্বাচিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব সেবাকেন্দ্র রয়েছে।

এ ছাড়া দেশের ৩৭টি মেডিকেল কলেজ হাসপাতাল ও বিএসএমএমইউয়ে জরায়ুমুখ ক্যানসার নির্ণয়ে কল্পোস্কোপি পরীক্ষা ও এ-সংক্রান্ত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। প্রতিটি জেলায় তিন থেকে চারটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত প্রশিক্ষিত চিকিৎসক, নার্স ও নারী স্বাস্থ্যকর্মীরা নিয়মিত জরায়ুমুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং ও এ-সংক্রান্ত তথ্য দিচ্ছে। ক্যানসার শনাক্তে ত্রিশ বছরের অধিক বয়সী সব নারীর ভায়া ও সিবিই সেবা দেওয়া হচ্ছে এবং সিবিই স্ক্রিনিংকৃত নারীদের কীভাবে নিজে নিজে স্তন পরীক্ষা করতে হয় তা শিখিয়ে দেওয়া হয়। সরকার ৩০-৬০ বছর বয়সী বিবাহিত সব নারীর প্রতি তিন বছর পরপর বিনামূল্যে ভায়া পরীক্ষার ব্যবস্থা করেছে।

অনুষ্ঠানে জানানো হয়ে, জরায়ুমুখ ও স্তন ক্যানসারের মৃত্যুহার কমিয়ে আনতে ২০১২ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ‘এস্টাবলিশমেন্ট অব ন্যাশনাল সেন্টার ফর সার্ভিক্যাল অ্যান্ড ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং অ্যান্ড ট্রেনিং অ্যাট বিএসএমএমএমইউ’ প্রকল্প বাস্তবায়ন করেছে। প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অনকোলজি ভবনের ষষ্ঠতলায় একটি পূর্ণাঙ্গ ‘জাতীয় জরায়ুমুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং এবং প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এখান থেকে ব্রেস্ট ক্যানসার রোগ প্রতিরোধে সব ধরনের সেবা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বলা হয়, বিশ্ব জুড়ে জরায়ুমুখ ক্যানসার নারীদের ক্যানসারের মধ্যে চতুর্থতম এবং ক্যানসারজনিত মৃত্যুর চতুর্থতম শীর্ষ কারণ এবং স্তন ক্যানসার শীর্ষস্থানীয় ক্যানসার। বাংলাদেশে নারী মৃত্যুর প্রধান দুটি কারণ জরায়ুমুখ ক্যানসার ও স্তন ক্যানসার।

অনুষ্ঠানে বলা হয়, বিশ্ব জুড়ে জরায়ুমুখ ক্যানসার নারীদের ক্যানসারের মধ্যে চতুর্থতম এবং ক্যানসারজনিত মৃত্যুর চতুর্থতম শীর্ষ কারণ এবং স্তন ক্যানসার শীর্ষস্থানীয় ক্যানসার। বাংলাদেশে নারী মৃত্যুর প্রধান দুটি কারণ জরায়ুমুখ ক্যানসার ও স্তন ক্যানসার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত