বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে বিএনপি: মঈন খান

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৭:৪৭ পিএম

অন্তর্বর্তী সরকরের ওপর যে গুরু দায়িত্ব অর্পিত হয়েছে, তারা দেশের ১৮ কোটি মানুষকে এই অধিকার ফিরিয়ে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

আজ বুধবার দুপুরে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আবেদ রাজা।

তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের সরকার। আমরা বিশ্বাস করি, তাদের ওপর ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার যে গুরু দায়িত্ব অর্পিত হয়েছে, তারা দেশের ১৮ কোটি মানুষকে এই অধিকার ফিরিয়ে দেবে।’

ড. আব্দুল মঈন খান বলেন, ‘যে গণতন্ত্রের জন্য ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমরা ইনশাআল্লাহ, পুনরায় বাংলাদেশে সে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব।’

দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, দেশের গুরুত্বপূর্ণ সেক্টরে অত্যাবশকীয় যে যে সংস্কারগুলো রয়েছে, সেগুলো দ্রুত সম্পন্ন করে সরকার জনগণের হাতে রাষ্ট্র ক্ষমতা ফিরিয়ে দেবে- এমন প্রত্যাশা রাখছি।

তিনি আরও বলেন, এ কারণেই বিএনপি সরকারকে সহযোগিতা করে যাচ্ছে, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার যে গুরু দায়িত্ব তাদের ওপর রয়েছে, তারা যেন তা সঠিকভাবে পালন করতে পারে।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে জানিয়ে ড. মঈন খান বলেন, আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নতুন কিছু নয়, তারা বাধ্য হয়েছে ২০২৪ সালে। ঠিক যেভাবে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর আক্রমণের মুখে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়ে গিয়েছিল।

গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে উল্লেখ করে- বিএনপির শীর্ষ এই নেতা বলেন, তারা স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করলেও তারা ছিল স্বাধীনতার বিপক্ষের শক্তি।

ড. মঈন খান বলেন, আওয়ামী লীগ ১৯৭১ পরবর্তী সময়ে সংসদের ভেতরে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল গঠন করেছিল। আর গত ১৫ বছরে এই দেশে অলিখিত বাকশাল কায়েম করেছিল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত