শাহবাগ ছাড়লেন ম্যাটসের শিক্ষার্থীরা, যান চলাচল শুরু

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৭:৪১ পিএম

দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা পর রাজধানীর শাহবাগ মোড় থেকে অবরোধ প্রত্যাহার করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। ফলে সন্ধ্যা ছয়টার দিকে যান চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ধরে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ থাকায় এর প্রভাব পড়ে আশপাশের বিভিন্ন সড়কে এবং তৈরি হয় তীব্র যানজট। ফলে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে।

বুধবার (২২ জানুয়ারি) চার দফা দাবিতে দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা। বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের ছয়জনের একটি প্রতিনিধিদল সচিবালয়ে যান। সেখানে তারা স্বাস্থ্য শিক্ষাসচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের সঙ্গে বৈঠক করেন।

সন্ধ্যা ছয়টায় ম্যাটস শিক্ষার্থীদের পক্ষে আজকের মতো কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সমন্বয়ক মুজাহিদুল ইসলাম। 

তিনি বলেন, ‘আজ সচিবালয়ে আলোচনায় ওনারা আমাদের দাবি মেনে নেবেন বলে জানিয়েছেন। তবে আমাদের কাছে তারা একটু সময় চেয়েছেন। আমরা তাদের সাত দিনের সময় দিয়েছি। সাত দিনের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে আমরা সারা দেশ থেকে লংমার্চ করে ঢাকায় আসব।’

শিক্ষার্থীদের চার দফা দাবি হচ্ছে— অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন, কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করা, প্রস্তাবিত ‘অ্যালাইড-হেলথ প্রফেশনাল বোর্ড’ বাতিল করে স্বতন্ত্র ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত