মেলবোর্নের রড লেভার অ্যারেনায় সেমিফাইনাল ম্যাচের নাটকীয় সমাপ্তি ঘটলো। ইনজুরির কারণে নোভাক জকোভিচ ম্যাচ ছেড়ে দিলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জায়গা করে নিলেন জার্মান তারকা আলেকজান্ডার জ্ভেরেভ। তবে ম্যাচ শেষে জকোভিচের বিদায়ে দর্শকদের একাংশের বিদ্রুপে ক্ষোভ প্রকাশ করেন ভেরেভ, তাদের প্রতি শোভন আচরণের অনুরোধ জানান তিনি।
৩৭ বছর বয়সী সার্বিয়ান তারকা জকোভিচ প্রথম সেট ৭-৬ (৭/৫) হারার পর ইনজুরির কারণে ম্যাচ থেকে সরে দাঁড়ান। তার বাম পায়ের উপরের অংশে আবারও ব্যান্ডেজ দেখা যায়, যা কোয়ার্টার ফাইনালে কার্লোস আলকারাজের বিপক্ষে ইনজুরিতে পড়ার পর থেকেই ছিল।
জকোভিচের কোর্ট ছাড়ার সময় দর্শকদের একাংশের বিদ্রুপের প্রতিক্রিয়ায় ভেরেভ বলেন, 'আপনারা সবাই টিকিট কেটেছেন এবং পাঁচ সেটের সেমিফাইনাল দেখতে চেয়েছেন, কিন্তু দয়া করে একজন খেলোয়াড়কে ইনজুরির জন্য বিদ্রুপ করবেন না। নোভাক গত ২০ বছর ধরে এই খেলায় নিজের সবকিছু উজাড় করে দিয়েছেন। তার প্রতি শ্রদ্ধা দেখান।'
জার্মান তারকা আরও যোগ করেন, 'তিনি পেটের ইনজুরি নিয়ে এই টুর্নামেন্ট জিতেছেন। হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে জিতেছেন। ইনজুরিতে থাকলে তিনি সত্যিই খেলতে পারবেন না। দয়া করে তাকে দুয়ো দিবেন না। জকোভিচ আমাদের খেলাটার জন্য নিজেকে উজাড় করেছেন।'
এই পরাজয়ের ফলে নোভাক জকোভিচ আরও একটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা থেকে বঞ্চিত হলেন। মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড ছাপিয়ে যাওয়ার অপেক্ষা আরও দীর্ঘ হলো। ২০২৩ ইউএস ওপেনে নিজের সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছিলেন তিনি। এছাড়াও, ক্যারিয়ারের ১০০তম শিরোপা জয় থেকে বঞ্চিত হলেন জকোভিচ। রজার ফেদেরার (১০২) এই মাইলফলক স্পর্শ করা একমাত্র খেলোয়াড়।
হফেনহাইমের বিপক্ষে টটেনহামের টানটান জয়, জ্বলে উঠলেন সন-ম্যাডিসন
খেলার মাঝে চোট, সেমিফাইনাল থেকে সরে দাঁড়ালেন জকোভিচ