পিটিয়ে হত্যাকে গণপিটুনি বলে চালানোর অভিযোগ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১২:১০ এএম

ফরিদপুরের সদর উপজেলার আলিয়াবাদ এলাকায় মিরান খাঁ (৩৪) নামে সাবেক এক যুবদল নেতাকে পিটিয়ে হত্যার ঘটনাকে গণপিটুনিতে নিহত হয়েছে বলে চালিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান। এর আগে বৃহস্পতিবার রাত ১টার দিকে সদর উপজেলার আলিয়াবাদের গদাধর ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিরান খাঁ একই ইউনিয়নের উত্তর সাদীপুর এলাকার জালাল খানের ছেলে। তিনি আলিয়াবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরান খাঁ দীর্ঘদিন ধরে ওই এলাকার গুচ্ছগ্রামে বসবাস করছিলেন। গুচ্ছগ্রামটিতে মিরান খাঁ কয়েকজনকে সঙ্গে নিয়ে রাত সাড়ে ১২টার দিকে সন্ত্রাসী কার্যকলাপ চালায়। এ সময় তারা বিভিন্ন বাড়িতে ভাঙচুর ও কুপিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। এর পরপরই স্থানীয়রা ওই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে ফেলে রাখে। একপর্যায়ে আশপাশের লোকজন মিরানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। পরে পুলিশ খবর পেয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট শেষ করে। এরপর ঘটনাস্থলে গিয়ে একটি রাইফেল, একটি পিস্তল এবং একটি রামদা উদ্ধার করে পুলিশ।

নিহতের ভাই ইরান খাঁ অভিযোগ করে বলেন, মিরান এলাকায় দীর্ঘদিন ধরে মাছ ও বালুর ব্যবসা করত। এসব বিষয় নিয়ে আগে থেকেই স্থানীয় ইউপি চেয়ারম্যানের ওমর ফারুক ডাবলুর সঙ্গে বিরোধ চলছিল। এই কারণেই তার লোকজন মিরানকে পিটিয়ে হত্যা করে। এরপর ওই এলাকার গুচ্ছগ্রামের একটি ঘরে নিয়ে যায় এবং সেখানে সন্ত্রাসী কার্যকালাপের নাটক সাজায়।

স্থানীয় আলিয়াবাদ ইউপি চেয়ারম্যানের ওমর ফারুক ডাবলু বলেন, ‘তাকে আমি সেভাবে চিনি না। তার সঙ্গে আমার কোনো দ্বন্দ্বও নাই।’ ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করবে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত