নেত্রকোনা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় লাশ দেখে শোক সইতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে পড়েন তার স্ত্রী রিনা বেগমও (৪৫)। গত বৃহস্পতিবার রাতে জেলা শহরের দক্ষিণ সাতপাই এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার বেলা ১১টার দিকে জানাজা শেষে কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে। স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টা ব্যবধানে স্ত্রীও মারা যাওয়ায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মারা যাওয়া রফিকুল ইসলাম দক্ষিণ সাতপাই এলাকার বাসিন্দা ছিলেন। তিনি খালিয়াজুরি উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহায়ক ছিলেন। তার স্ত্রী রিনা বেগম গৃহিণী ছিলেন।
এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম ও তার স্বজনরা সদর উপজেলার কুনিয়া গ্রামে একটি মাছের খামার ভাড়া নিয়ে মাছ চাষ করেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রফিকুল ওই খামারে যান। এ সময় তিনি সেখানে বিদ্যুৎচালিত মোটর পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখান থেকে লাশ সাতপাই বাসায় নিয়ে গেলে স্বামীর লাশ দেখে তার স্ত্রী রিনা বেগম শোক সইতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
