নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদককারবারী এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে এলাকাবাসী। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকা থেকে ছিনতাই ও মাদককারবারে সহযোগিতার অভিযোগে ইমরান হোসেন নামে ওই পুলিশ কনস্টেবলকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটক কনস্টেবল ইমরানের বাড়ি চাঁদপুরে এবং তিনি রূপগঞ্জ থানায় কর্মরত। ঘটনার দিন তার ডিউটি ছিল বাণিজ্য মেলায়।
আটক মাসুম উপজেলার মারুয়াদী দেওয়ান পাড়া গ্রামের নাঈমের ছেলে। তিনি মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে জানান স্থানীয়রা।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে মারুয়াদী এলাকায় বেশ কয়েকজন যুবকের সঙ্গে মিশে ইমরান বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। তিনি পুলিশের পোশাক ও হ্যান্ডকাফ ব্যবহার করে ছিনতাই ও মাদককারবারীকে সহযোগিতা করেন।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, ‘জনতা দুজনকে আটক করে পুলিশে দিয়েছে। তাদের একজন পুলিশ কনস্টেবল ও অন্যজন মাদককরবারী। ইমরান ঘটনাস্থলে কী কারণে গিয়েছেন, তা জানা যায়নি। আমরা তাকে রূপগঞ্জ থানায় সোপর্দ করেছি।’
