ববিতে কর্মীকে ছাড়িয়ে নিল ছাত্রলীগ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৬:৪৩ এএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিজেদের এক কর্মীকে দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ওই কর্মীর নাম শাহরিয়ার সান। তিনি আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ রকম ঘটনায় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ঘটনায় গতকাল শনিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ‘ছাত্রলীগবিরোধী মোর্চা’ গঠন করেছেন অন্য ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা। তারা প্রশাসনের কাছে চার দফা দাবিও দিয়েছেন। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসে আবার ছাত্রলীগের শক্ত অবস্থানের কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসের সামনে আড্ডা দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলাকারী ছাত্রলীগকর্মী শাহারিয়ার সান। এমন খবর পেয়ে সাধারণ শিক্ষার্থীরা সানকে আটক করেন। পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সিকিউরিটি গার্ডের রুমে তালাবদ্ধ করে রাখেন এবং পুলিশ ও প্রক্টরকে খবর দেন। এদিকে ছাত্রলীগকর্মীদের ৩৫-৪০ জনের একটি দল মূল ফটকে জড়ো হওয়া শুরু করে। প্রথমে ঘটনাস্থলে ভয়ভীতির পরিবেশ তৈরি করে। পরে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় দরজা ভেঙে ছাত্রলীগকর্মীকে নিয়ে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভোলা রোডে উল্লাস করেন তারা। এ সময় ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশ উপস্থিত ছিল।

এ ঘটনায় গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন অন্য ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা। সেখানে তারা ‘ছাত্রলীগবিরোধী মোর্চা’ গঠন করে। একই সঙ্গে তারা প্রশাসনের কাছে চার দফা দাবি উত্থাপন করেছেন। বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহেদুল ইসলাম শাহেদ বলেন, ‘জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগকর্মীকে গতকাল শিক্ষার্থীরা আটক করেন। তারপর বিগত দিনে ছাত্রলীগের সঙ্গে জড়িত তার সহপাঠীরা তাকে সিকিউরিটি রুমের দরজা ভেঙে বের করে নিয়ে যান। আমরা মনে করি, এর মাধ্যমে মূলত ক্যাম্পাসে ছাত্রলীগ সক্রিয় হচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রলীগের বিরুদ্ধে সদা প্রস্তুত আছে, তা জানান দিতে আজকের এই বিক্ষোভ মিছিল।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ টি এম রফিকুল ইসলাম বলেন, ‘আমরা এ বিষয়ে তদন্ত শুরু করেছি। এর সঙ্গে জড়িতদের তদন্তসাপেক্ষে শাস্তির আওতায় আনা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত