সরকারি রাস্তা থেকে কেটে নেওয়া ৭ গাছ জব্দ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৬:৪৭ এএম

হবিগঞ্জের মাধবপুরে সরকারি রাস্তার পাশ থেকে কেটে নেওয়া ৭টি গাছ গতকাল শনিবার কালিকাপুর এলাকার আশরাফুল আলম রানা নামে এক ব্যক্তির বাড়ি থেকে বন বিভাগ জব্দ করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর এলাকা থেকে বড় ৭টি আকাশমণি গাছ কেটে নিয়ে যান একই ইউনিয়নের কালিকাপুর গ্রামের আশরাফুল আলম রানা।

স্থানীয়রা অভিযোগ করেন, রানা বিগত সরকারের আমলেও এই রাস্তা থেকে বেশ কিছু গাছ কেটে নিয়েছিলেন। তার দুই ভাই স্থানীয় আওয়ামী লীগ নেতা হওয়ায় তখন ভয়ে কেউ কিছু বলেননি।

এ ব্যাপারে আশরাফুল আলম রানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

গাছ কাটার খবর পেয়ে মনতলা ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘আশরাফ নামের এক ব্যক্তি রাস্তার জায়গা থেকে গাছ কেটে নিয়েছে। এখন সে দাবি করছে এটা তার জায়গা। তবে আমরা সার্ভেয়ার এনে মাপজোক করে দেখেছি গাছগুলো সরকারি রাস্তার জায়গায় ছিল।’ সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম বলেন, কেটে নেওয়া গাছগুলো বন বিভাগের লোকজনের মাধ্যমে কালিকাপুরে আশরাফুল আলম রানার বাড়ি থেকে জব্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত