বড় তারকা আনতে চলেছে রংপুর রাইডার্স

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৬:৪৭ পিএম

বিপিএলের লিগ পর্বে দুর্দান্ত দাপট দেখিয়ে প্রথম ৮ ম্যাচই জিতে নিয়েছিলো রংপুর রাইডার্স। প্লে অফ খেলা নিশ্চিত হয়ে যায় তখনই। এর পর টানা দুই ম্যাচে গার একই দল দুর্বার রাজশাহীর কাছে। আগামীকাল লিগপর্বে নিজেদের দ্বিতীয় শেষ ম্যাচে চিটাগংয়ের বিপক্ষে নামবে দলটি।  আজ মিরপুরে অনুশীলন শেষে রংপুর কোচ মিকি আর্থার দলে আরও বড় তারকা ভেড়ানোর ইঙ্গিত দিয়েছেন। 

সংবাদ সম্মেলনে আর্থার বলেন, ‘হ্যাঁ কিছু বিদেশি সাইনিং নিয়ে কাজ চলছে। সব চূড়ান্ত হওয়ার পর জানাবো আপনাদেরকে। অনেক বড় নাম আছে এখানে, আমরা যাদের সাথে কথা বলছি। এর চেয়ে বেশি কিছু আপনাদের এখন জানাতে পারছি না।’

রংপুর কোচের কথামতো সবকিছু ঠিক থাকলে প্লে অফে দেখা যেতে পারে ডেভিড ওয়ার্নার কিংবা সুনিল নারিনের মতো তারকাদের। তবে তার আগে টেবিলের শীর্ষস্থানটি ধরে রাখতে চায় রংপুর। আর্থার জানান, ‘উইকেট কিছুটা পরিবর্তন হয়েছে। বেশি পরীক্ষা নিচ্ছে ব্যাটারদের। প্রপার ক্রিকেট শট খেলা নিয়ে কাজ করেছি আমরা। আমার মনে হয় আমরা যেসব শট খেলে শেষ ম্যাচে আউট হয়েছি সেগুলো অনেক সফট শট ছিল। ভালো হয়নি সেখানে। কথা বলেছি সেসব নিয়ে। আমার প্রতিটি ক্রিকেটারের ওপর শতভাগ বিশ্বাস আছে। কারণ আমি গায়ানাতে কঠিন কন্ডিশনে তাদের পারফর্ম করতে দেখেছি। আমি জানি তাদের সামর্থ্য কী। কেবল চাই তারা জয়ের ধারায় ফিরুক। কাল ভালো একটি পারফরম্যানস চাই।’

১০ ম্যাচ শেষে সমান ১৬ পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রংপুর। দুইয়ে অবস্থান বরিশালের। কাল বিকেলের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নামবে ফরচুন বরিশাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত