ঢাকার ধামরাইয়ে কালামপুর সাব রেজিস্ট্রার অফিসে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছেন। অভিযান পরিচালনাকালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর ২ টাকা পর্যন্ত ৪ ঘন্টা ব্যাপী ওই অফিসে অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশনের ( দুদক) সহকারী পরিচালক ওয়াজিদ মঞ্জুর সোহাগ।
অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের এ কর্মকর্তা বলেন, ‘দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে ধামরাইয়ের কালামপুর সাব রেজিস্টার অফিসে দলিল করতে আসা মানুষ হয়রানি শিকার হচ্ছে। দলিলে বিনা কারণে বিভিন্ন ধরনের ভুল ধরে রেজিস্ট্রেশনের জন্য অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে আজ এ অভিযান পরিচালনা করি।’
তিনি বলেন, ‘অভিযান চলাকালে আমরা বিভিন্ন ধরনের দলিল ও রেকর্ড পত্র যাচাই করেছি। যাচাইকালে বিভিন্ন ধরনের অসংগতি ধরা পড়েছে। খাজনার রশিদ ছাড়া জমির দলিল করার কোন সুযোগ নেই। এখানে খাজনার রশিদ ছাড়া হরহামেশাই দলিল রেজিষ্ট্রি হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘বায়না করার সময় দলিলে কোটি টাকা উল্লেখ থাকলেও রাজস্ব ফাঁকি দেয়ার জন্য রেজিষ্ট্রি করার সময় ৩০ হাজার টাকায় উল্লেখ করে দলিল করেন। অফিসের লোকজন এসব অনিয়মের সাথে জড়িত না থাকলে এ ধরনের কাজ করার কোন সুযোগ নেই। এসব অনিয়মের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছি। এসব তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে আমরা কমিশনে পেশ করব। কমিশন যে পরামর্শ দিবেন পরবর্তীতে সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব।’
