যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য নিজেদের ম্যাপসে মেক্সিকো উপসাগর ‘গালফ অব মেক্সিকো’র নাম বদলে ‘গালফ অব আমেরিকা’ করা হবে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
এছাড়া আলাস্কার ডেনালি পর্বতের নামও পরিবর্তন করে 'মাউন্ট ম্যাককিনলে' রাখবে বলে জানিয়েছে গুগল ম্যাপস। তবে মার্কিন ভৌগোলিক নাম ব্যবস্থায় আপডেট হওয়ার পর কার্যকর হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে গুগল জানিয়েছে, ‘আমরা গুগল ম্যাপসের মধ্যে নামকরণ সম্পর্কিত কয়েকটি প্রশ্ন পেয়েছি। আমরা সরকারী উৎসে নাম পরিবর্তন হলে সেগুলো প্রয়োগ করার জন্য দীর্ঘদিনের একটি পদ্ধতি অনুসরণ করি। তবে অন্যান্য দেশের ব্যবহারকারীরা ম্যাপসে উভয় নামই দেখতে পাবেন, যা দীর্ঘদিনের একটি নিয়ম।‘
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণের দিন এই নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছিলেন। যা তার প্রচারাভিযানের প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি অংশ। ফেডারেল সরকার ইতিমধ্যেই উভয় নাম পরিবর্তনের এই নির্দেশ আনুষ্ঠানিকভাবে কার্যকর করেছে।
গত সপ্তাহে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আনুষ্ঠানিকভাবে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অফ আমেরিকা’ করেছে তারা। মন্ত্রণালয় আরও জানায়, যুক্তরাষ্ট্রের ‘জিওগ্রাফিক নেইমস ইনফরমেশন সিস্টেম’-এ এসব ফিচারের নাম হালনাগাদ করতে ‘দ্রুত’ কাজ করছে দেশটির ‘বোর্ড অন জিওগ্রাফিক নেইমস’।
মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন নতুন হলেও, দেশের সর্বোচ্চ শৃঙ্গের নামকরণ নিয়ে বিতর্ক বহু বছর ধরে চলছে। ২০১৫ সালে ওবামা প্রশাসন আনুষ্ঠানিকভাবে এর নাম 'ডেনালি' রাখে। যা স্থানীয় আদিবাসীরা এক সময় ব্যবহার করত।
সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলির নামে পর্বতটির নাম আবার রাখা হয়েছে। তিনি কখনও আলাস্কায় যাননি। ১৮৯৭ সালে সোনার অনুসন্ধানকারীর লেখা একটি প্রবন্ধে প্রথমবার তার নাম শৃঙ্গটির জন্য ব্যবহৃত হয় এবং ১৯০১ সালে তার হত্যার পর এটি জনপ্রিয় হয়।
সব ধরনের ফেডারেল অনুদান ও ঋণ স্থগিতের নির্দেশ ট্রাম্পের
শর্তসাপেক্ষে উচ্চশিক্ষার অনুমতি আফগান মেয়েদের