বার্সা কোচের কাছে চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও লা লিগা গুরুত্বপুর্ণ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৩:৫১ পিএম

ইউরোপসেরার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগ নয়, স্প্যানিশ লা লিগাতেই এই মুহূর্তে বেশি মনোযোগ দিচ্ছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। কারণ, চলতি মৌসুমে এখনও পর্যন্ত লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগেই বার্সেলোনার পারফরম্যান্স বেশি ধারাবাহিক। চ্যাম্পিয়ন্স লিগের সেই সাফল্য এখন লা লিগাতেও ফেরাতে চান বার্সা কোচ।

লা লিগায় এই মুহূর্তে তিনে নেমে গেছে কিছুদিন আগেই শীর্ষে থাকা বার্সেলোনা। তাদের জায়গাটি দখল করেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে সাত ম্যাচের ছয়টি জিতে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে হান্সি ফ্লিকের দল। নিশ্চিত হয়েছে শেষ ষোলোতে খেলা। তাই বুধবার আটলান্টার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্লিক বললেন, লা লিগার শিরোপা ঘিরেই তার বেশি মনোযোগ।

বার্সা কোচের ভাষায়, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লা লিগা জয় করা। মৌসুমজুড়েই আমরা এই প্রত্যাশায় ছুটতে পারি। অবশ্যই অন্য অনেক প্রতিযোগিতা আছে, যেমন সুপার কাপ, কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ তো আছেই, যেটা জয় করা সবচেয়ে কঠিন, কারণ দুর্দান্ত অনেক দল এখানে লড়াই করে। এখানে আপাতত আমাদের লক্ষ্য দ্বিতীয় স্থানে থেকে প্রথম পর্ব শেষ করা, যাতে পরের ধাপের জন্য ভালো অবস্থায় থাকতে পারি।’

চ্যাম্পিয়ন্স লিগে এবার আতালান্তার পারফরম্যান্সও দারুণ। সাত ম্যাচের স্রেফ একটি হেরেছে তারা। তাই প্রতিপক্ষকে হালকাভাবে দেখছেন না ফ্লিক, ‘ইতালিয়ান দলগুলির সঙ্গে খেলা সবসময় কঠিন, কারণ তরা রক্ষণে দুর্দান্ত। মাঠজুড়ে তারা একজনের বিপক্ষে আরেকজনকে রেখে দেয়। আক্রমণ গড়ে তোলার সবসময় চাপে থাকতে হয় এবং যখন তারা বল পায়, খুব দ্রুত ছুটতে পারে। সবসময় প্রথম স্পর্শের ওপর নির্ভর করে তারা। এটির জন্য প্রস্তুত থাকতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত