বোর্ডার-গাভাস্কার ট্রফিটা কী জঘন্যই না কেটেছে বিরাট কোহলির। অস্ট্রেলিয়া সফরে একটি মাত্র সেঞ্চুরি বাদে বাকি ইনিংসে ব্যাট হাতে ছিলেন পুরোপুরি ব্যর্থ। বারবার অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে আউট হয়েছেন। তাই ঘরোয়া রঞ্জি ট্রফিতে খেলার আগে কোহলিকে দেখা গেল সেই ‘পুরনো রোগ’ সারানোর জন্য বিশেষ অনুশীলন করতে।
আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো। প্রায় ১২ বছর পর রঞ্জিতে ব্যাট হাতে দেখা যাবে বিরাট কোহলিকে। শেষবার ২০১২ সালে উত্তরপ্রদেশের বিপক্ষে গাজিয়াবাদে তাকে রঞ্জি খেলতে দেখা গিয়েছিল। অস্ট্রেলিয়া সফরে খারাপ করায় ক্রিকেটারদের বাধ্যতামূলকভাবে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেয় বিসিসিআই।
এ কারণেই এক যুগ পর ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যাবে কোহলিকে। তার আগে ভারতের এই ব্যাটিং কিংকে নিয়মিতই দেখা যাচ্ছে কঠোর অনুশীলন করতে। অফস্টাম্পের বাইরের বলে খোঁচা মারার যে বদঅভ্যাস, সেটি নিয়ে কাজ করেছেন। আজ বুধবারও কোহলিকে ঘণ্টাখানেকের বেশি নেটে ব্যাটিং করতে দেখা গেছে।
অস্ট্রেলিয়ার কাছে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩-১ ব্যবধানে সিরিজ হারের পর রোহিত-কোহলিদের নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। এই দুই সিনিয়র ক্রিকেটারের ব্যাট থেকে একেবারেই রান আসেনি। এরপর হারের কারণ পর্যালোচনা করতে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে ক্রিকেটারদের উদ্দেশ্যে বেশ কিছু কঠোর নির্দেশ দেওয়া হয়। যার মধ্যে একটি ছিল ঘরোয়া ক্রিকেটে খেলা।
রঞ্জির আগের রাউন্ডের ম্যাচগুলোতে রোহিত-জয়সোয়ালরা খেলেছেন। কিন্তু ঘাড়ের চোটের কারণে কোহলিকে খেলতে দেখা যায়নি। তবে দিল্লির হয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবেন কোহলি। এই উপলক্ষে গত সোমবার তিনি দলের সঙ্গে যোগ দেন। এরপর গত তিন দিন ধরেই লাগাতার অনুশীলন করছেন কোহলি। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি, তার আগেই ফর্মে ফিরতে হবে।
এক মৌসুমে বিপিএলের সর্বোচ্চ ছক্কার রেকর্ড ভাঙার অপেক্ষায়!
ফুটবলে ঘৃণার কোনো জায়গা নেই, রেফারিকে আর্তেতা