আম বয়ানে শুরু বিশ্ব ইজতেমা 

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৬:৫০ পিএম

টঙ্গীর তুরাগ নদের তীরে বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বাংলাদেশের মাওলানা জুবায়ের বয়ানের অনুবাদ করছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তাবলিগ জামাতের শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। শুক্রবার বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। শুক্রবার সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে।

এদিকে শুক্রবার (৩১ জানুয়ারি) ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও ইতোমধ্যেই ময়দানে চলে এসেছেন লাখো মুসল্লি। মুসল্লিদের চাপ বাড়ায় একদিন আগেই শুরু হচ্ছে ইজতেমা।

এবারের ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শুরু হবে ৩১ জানুয়ারি ও প্রথম ধাপের আখেরী মোনাজাত ২ ফেব্রুয়ারী। দ্বিতীয় পর্যায়ে শুরু হবে ৩ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

আট দিন বিরতী দিয়ে পরবর্তীতে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। সেই সঙ্গে ১৬ ফেব্রুয়ারি আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে সাদপন্থীদের বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজন।

এদিকে ছামিয়ানা টাঙ্গিয়ে ঢেকে ফেলা হয়েছে পুরো ইজতেমা ময়দান। বিদেশি মেহমান ও সাধারণ মুসল্লিদের থাকার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। মুসুল্লিদের তুরাগ নদী পারাপারের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত হয়েছে পাঁচটি অস্থায়ী ভাসমান সেতু এবং বি আই ডব্লিউ টি এ এর তত্ত্বাবধানে নির্মিত হয়েছে একটি ভাসমান সেতু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত