নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিবে কুবি

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১২:৩৯ এএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিজস্ব ব্যবস্থাপনায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৯ এপ্রিল ‘সি’ ইউনিট, ৩ মে ‘এ’ ইউনিট এবং একই দিন বিকালে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হায়দার আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৮৫তম জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৯ এপ্রিল ২০২৫ তারিখে ‘সি’ ইউনিটের পরীক্ষা সকাল ১০টায়, ৩ মে ২০২৫ তারিখে ‘এ’ ইউনিটের পরীক্ষা সকাল ১০টায় এবং একই দিন ‘বি’ ইউনিটের পরীক্ষা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ভর্তি আবেদন কার্যক্রম শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে এবং চলবে ২২ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত