বারো বছর পর রঞ্জি ট্রফি খেলতে ফিরেছেন বিরাট কোহলি। আর তার প্রত্যাবর্তন যেন দিল্লির ক্রিকেটপ্রেমীদের জন্য এক উৎসবে পরিণত হয়েছে।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রঞ্জি ট্রফির এলিট গ্রুপ ‘ডি’ ম্যাচে রেলওয়ের বিপক্ষে খেলতে নেমেছে দিল্লি। ম্যাচের প্রথম দিন রেলওয়ে প্রথম ইনিংসে ২৪১ রানে অলআউট হওয়ার পর দিল্লি দিন শেষ করেছে ৪১/১ স্কোর নিয়ে। তবে স্কোরলাইন ছাপিয়ে আলোচনার কেন্দ্রে ছিল বিরাট কোহলির মাঠে ফেরা।
ভারতের সাবেক ওপেনার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে কোহলির জনপ্রিয়তা নিয়ে কথা বলেন। তিনি বলেন, 'বারো বছর পর দিল্লির মাঠে নেমেছেন বিরাট কোহলি, আর দিল্লি তাঁকে অসাধারণ অভ্যর্থনা দিয়েছে। স্টেডিয়ামের মাত্র একটি গ্যালারি খোলা ছিল, সেটাও কানায় কানায় পূর্ণ ছিল। প্রবেশের জন্য লাইন ছিল দুই কিলোমিটার লম্বা! আপনাকে স্বীকার করতেই হবে, ছেলেটার এক আলাদা আভা আছে, যা এই ম্যাচেই স্পষ্ট হয়েছে।'
কোহলির ব্যাটিং দেখার জন্য মানুষের এই ঢল দেখে দিল্লি অ্যান্ড ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহান জেটলির কাছে আবেদন জানিয়েছেন আকাশ চোপড়া, 'আমি নিয়ে রোহান জেটলিকে অনুরোধ করছি, অন্তত আরও এক-দুইটি গ্যালারি খুলে দিন। কারণ, কোহলির ব্যাটিং আসতে যাচ্ছে। দিল্লির একজন ব্যাটসম্যান আউট হয়ে গেছেন, ফলে কোহলির ব্যাটিং খুব দ্রুতই আসবে। পুরো মাঠ দর্শকে ভরে যেতে পারে,' বলেন চোপড়া।
প্রথম দিনের খেলা শেষে দিল্লির হয়ে ক্রিজে ছিলেন সনৎ সাংওয়ান (৯*) ও যশ ধুল (১৭*)। কোহলি তার স্বাভাবিক চার নম্বর পজিশনে ব্যাট করতে নামবেন পরবর্তী উইকেট পতনের পর।
বিরাট কোহলির জনপ্রিয়তা কতটা গভীর, সেটার ব্যাখ্যা দিতে গিয়ে চোপড়া বলেন, 'তিনি ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ মার্কেটার বা সেরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি একটা রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে গেছেন, যেখানে সাধারণত ৫০০০ মানুষও আসে না। অথচ এখানে ভোর পাঁচটা থেকে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে! এটা অবিশ্বাস্য। কেউ এক্স (সাবেক টুইটার)-এ লিখেছিল, 'এটা তার যুগ, তার আভা, আর তার এলাকা।' একদম ঠিক কথা। তিনি দিল্লির ছেলে, আর মানুষ তাকে দেখতে ছুটে এসেছে।'
চোপড়া তুলনা টেনে দেখিয়েছেন, মুম্বাইয়ের সম্প্রতি অনুষ্ঠিত রঞ্জি ট্রফি ম্যাচে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, আজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর ও শিবম দুবের মতো তারকা ক্রিকেটাররা খেললেও তেমন দর্শক আসেনি।
চোপড়া তাই বলেন, 'মুম্বাই বনাম জম্মু-কাশ্মীর ম্যাচের সময় বিসিকে (বান্দ্রা কুরলা কমপ্লেক্স) বসার সুব্যবস্থা তেমন ছিল না, কিন্তু রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, রাহানে, শ্রেয়াস, শার্দুল, শিবম দুবে—সবাই ছিল, তবুও খুব বেশি দর্শক আসেনি। সেখানে দিল্লিতে এ যেন মানুষের ঢল!'
তবে সাংবাদিকদের কিছু অতিরঞ্জিত কভারেজ নিয়ে খানিকটা মজা করেই চোপড়া বলেন, 'এমনকি কোহলির লাঞ্চ মেনু কী ছিল, সেটাও রিপোর্ট করা হচ্ছে!'
বিরাট কোহলির নাম শুনলেই উত্তেজনা ছড়িয়ে পড়ে, সেটা আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ঘরোয়া প্রতিযোগিতা। রঞ্জি ট্রফির ম্যাচে এমন দর্শক সমাগম, এমন উন্মাদনা প্রমাণ করে, তিনি ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকা, যার আভা সবসময়ই আলাদা।
সান্তোসে ফিরেই ব্রাজিলিয়ান ফুটবলের সর্বোচ্চ বেতনভোগী নেইমার
ম্যানইউ রাজি হলেও রাশফোর্ডকে কিনতে পারবে না বার্সা
গার্দিওলার কৌশলে কি ফোডেন বিরক্ত?