টানা ফাইনালে ভারত, সঙ্গী প্রোটিয়ারা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৭:৫৭ পিএম

নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের টানা দ্বিতীয় ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে ৯ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছেন দেশটির মেয়েরা। ফাইনালে তাদের মোকাবেলা করতে হবে দক্ষিণ আফ্রিকাকে। মালয়েশিয়ায় দিনের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছেন তারা।

কুয়ালালামপুরে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ভাল শুরু করেছিল ইংল্যান্ড। ডাভিনা পেরিন ও অধিনায়ক অ্যাবিগেল নরগ্রভ দ্রুতগতি্তেই রান তুলতে থাকেন। দুটি বড় ছক্কা ও চার বাউন্ডারিতে ৪০ বলে ৪৫ রানের ইনিংস খেলেন পেরিন। ৩ চার ও ১ ছক্কায় ২৫ বলে ৩০ রান করেন নরগ্রভ। দুজনের এমন শুরুতে ১০ ওভার শেষে ২ উইকেটে ৭৩ রান তোলে ইংল্যান্ড। ভারতীয় বোলাররা খেলার নিয়ন্ত্রণ হাতে নেন এর পর। পরের দশ ওভারে বল হাতে ছড়ি ঘোরান তারা। এই প্রতিআক্রমণের নেতৃত্ব দেন পারুনিকা সিসোদিয়া ও শুক্লা। পেরিন ও নরগ্রভকে ফেরান আয়ুশি। তাতে রানের গতিতে টান পড়ে ইংলিশদের।

এই অবস্থায় ১৬তম ওভারে এসে তিন উইকেট শিকার করেন আসরের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক বৈষ্ণবি শর্মা।  ৯২ রানে ৮ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়তে হয় ইংলিশদের। শেষ দিকে আমরুথা সুরেনকুমারের ব্যাটে ২০ ওভার শেষে ১১৩ রান পর্যন্ত পৌঁছায় তাদের ইনিংস। রান তাড়ায় ভারতীয় দুই ওপেনার খেলেন পরিস্থিতি বুঝে। কোনো উইকেট না হারিয়েই পাওয়ার প্লেতে ৪৪ রান তোলেন দুজন। মাঝে ফিবি ব্রিটের বলে ২৯ বলে ৩৫ রানে থামেন এই বিশ্বকাপ ইতিহাসের একমাত্র সেঞ্চুরিয়ান তৃষা গোংগাড়ি। ১০ ওভার শেষে স্কোরবোর্ডে ভারতের রান ১ উইকেট ৭০। এর পর হাত খোলেন কমলিনি জি। সানিকা চাল্কেকে নিয়ে বাকি পথটুকু ৫ ওভারের মধ্যে পাড়ি দিয়ে ফেলে ভারত। ১৪ রানে ৩ শিকার ধরে ম্যাচসেরা হন পারুনিকা।

সিনিয়র নারীদের গত দুই বিশ্বকাপ আসরের ফাইনাল খেলা দক্ষিণ আফ্রিকার জুনিয়ররাও এবার ফাইনালে নাম লেখালেন। কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে প্রথম সেমিফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উইকেট হারায় অজিরা। সেই চাপ ক্রমাগত ধরে রাখেন প্রোটিয়া বোলাররা, বিশেষ করে অ্যাশলে ফন উইক। ১৭ রানে ৪ শিকার তিনি একাই ধরেন। কায়োমহে ব্রে ৪৪ বলে ৩৬ এবং এলা ব্রিসকোয় ১৭ বলে অপরাজিত ২৭ রানে কোনোমতে একশ পেরোয় অস্ট্রেলিয়া। ৮ উইকেটে তোলে ১০৫ রান। জবাবে প্রোটিয়া ওপেনার জেমা বোথা ২৪ বলে ৩৭ রানের ঝকমকে ইনিংসে ভিত গড়ে দেন জয়ের। ৫ উইকেট হারালেও পথভ্রষ্ট হননি প্রোটিয়ারা। ১১ বল হাতে রেখে জয় তুলে নিয়ে বোথা বলেন, ‘সেমির আগে যদি নার্ভাস বোধ না করেন তাহলে আপনি মানুষ নন। আমি খুব নার্ভাস ছিলাম। কিন্তু তারপরও ফাইনালে উঠতে পেরে আমরা সবাই খুব আনন্দিত।’ রবিবার এই দুই দল মাঠে নামবে শিরোপা লড়াইয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া অ-১৯: ১০৫/৮ (ব্রে ৩৬, এলা ২৭; অ্যাশলে ৪/১৭)

দক্ষিণ আফ্রিকা অ-১৯: ১৮.১ ওভারে ১০৬/৫ (জেমা ৩৭, কায়লা ২৬; লুসি ২/১৭)

ফল: দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে জয়ী।          ম্যাচসেরা: অ্যাশলে ফন উইক

 

ইংল্যান্ড অ-১৯: ১১৩/৮ (পেরিন ৪৫, নরগ্রভ ৩০; পারুনিকা ৩/২১

ভারত অ-১৯: ১৫ ওভারে ১১৭/১ (কমলিনি ৫৬*, তৃষা ৩৫, ফিবি ১/৩০)

ফল: ভারত ৯ উইকেটে জয়ী           ম্যাচসেরা: পারুনিকা সিসোদিয়া

×
সর্বশেষ সর্বাধিক পঠিত