বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শারমিনের নিয়োগের পর ৫ মাসেও সিন্ডিকেট সভা হয়নি। আইন অনুযায়ী প্রতি তিন মাসে কমপক্ষে একটি সিন্ডিকেট সভা হওয়ার কথা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের তথ্যমতে, গত বছরের ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের ৮৪তম সিন্ডিকেটের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এর দুইমাস পর মাত্র ৮ দিনের ব্যবধানে ১১ ও ১৯ আগস্ট দুটি (৮৫তম ও ৮৬তম) বিশেষ সিন্ডিকেট সভা করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ২৩ সেপ্টেম্বর ববিতে প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শুচিতা শারমিন। নিয়োগের এক মাস যেতে না যেতেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে একাডেমিক কাউন্সিলের সদস্য করে বিতর্কে জড়ান। তবে শিক্ষক-শিক্ষার্থীদের ক্ষোভের মুখে কলিমুল্লাহকে সরাতে বাধ্য হন উপাচার্য। কিন্তু সিন্ডিকেট সভা না হওয়ায় এখনো বহাল তবিয়তে আছেন কলিমুল্লাহ।
সূত্রটি আরও জানায়, কোনো এক অজানা কারণে সিন্ডিকেট সভা ডাকছেন না উপাচার্য। অথচ বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের বিভিন্ন ইস্যুসহ সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত প্রয়োজন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ববির তিনটি হল ও কেন্দ্রীয় গ্রন্থাগারের নাম পরিবর্তনের দাবি তোলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ বিষয়ে গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে কয়েকজন শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে একটি কমিটি করে দেয় কর্তৃপক্ষ। কিন্তু বিলম্বের কারণে শিক্ষার্থীরাই গ্রহণযোগ্যতার ভিত্তিতে দুটি হল ও কেন্দ্রীয় গ্রন্থাগারের নাম পরিবর্তন করে ব্যানার টানিয়ে দেয়। তবে সিন্ডিকেট সভা না হওয়ায় এখনো পুরোনো নামেই চলছে হলগুলোর দাপ্তরিক কার্যক্রম। দাবির প্রেক্ষিতে কমছে না হলের ফি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাকিব আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ফ্যাসিস্ট সরকারের অনেক আইন বাতিল ও বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় সংস্কারের কথা কেবল মৌখিকভাবেই বলেছেন উপাচার্য। সিন্ডিকেট সভা ডেকে তা এখনো বাস্তবায়ন করা হয়নি। আমরা বলেছিলাম ফ্যাসিস্ট সরকারের দোসর সিন্ডিকেট সভার সদস্যদের সরাতে কিন্তু বর্তমানে উপাচার্য আমাদের কোনো কথাই শুনছেন না।
ববি সিন্ডিকেট সভার সদস্য মোস্তাকিম রহমান দেশ রূপান্তরকে বলেন, নিয়োগের পর উপাচার্য পদে পদে ব্যর্থ হয়েছেন। বিভিন্ন বিষয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। তার অদূরদর্শিতার পরিচয় পেয়েছে বিশ্ববিদ্যালয় পরিবার। কোনো উপায় না পেয়ে শুধু শুধু নিয়ম ভেঙ্গে সিন্ডিকেট সভা দীর্ঘায়িত করছেন।
এ বিষয়ে ববি উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানি বলেন, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তিন মাসে সিন্ডিকেটের সাধারণ সভা হওয়ার কথা থাকলেও তা হয়নি। আমি মনে করি, খুবই দ্রুতই সিন্ডিকেটের সাধারণ সভা হওয়া প্রয়োজন। আমরা এর দায় এড়াতে পারি না।
এ বিষয়ে ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন দেশ রূপান্তরকে বলেন, আমরা নতুন সিন্ডিকেট মেম্বার পেয়েছি গত সপ্তাহে। সামনে দ্রুতই সভা হবে।
ঐক্যবদ্ধ বিশ্ব ইজতেমা চান ধর্মপ্রাণ মুসল্লিরা
ভারত-মিয়ানমার থেকে এলো ৩০ হাজার টন চাল