জাহিদ হাসানের নতুন ধারাবাহিক ‘ভাল্লাগেনা’

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৩ এএম

পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে জাহিদ হাসানের নতুন ধারাবাহিক ‘ভাল্লাগেনা’। বৈশাখী টিভিতে প্রচার হবে সপ্তাহে তিন দিন শনি, রবি ও সোমবার রাত ৮.৪০ মিনিটে। হানিফ খানের পরিচালনায় নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জল। 

নাটকের গল্প নিয়ে বলতে গিয়ে অভিনেতা জাহিদ হাসান বলেন, বিয়ে এক সামাজিক চুক্তি, যা দ্বারা একটি পরিবারের সৃষ্টি হয়। আর সেখানে তৈরি হয় প্রেম, ভালোবাসা, মায়া-মমতা, সুখের সংসার। তবে একই ছাদের নিচে থাকতে গেলে অনেক সময়ই স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, হয় ঝগড়া-বিবাদও। কখনো সখনো সেই বিবাদ গিয়ে পৌঁছায় চূড়ান্ত বিচ্ছেদে। হতাশা নেমে আসে জীবনে। এমন কিছু মানুষের মনস্তাত্তিক বিষয় নিয়েই নাটক ‘ভাল্লাগেনা’।

যেখান থেকে শুরু : নাটকের শুরুতে দেখা যাবে বরযাত্রী নিয়ে বিয়ের জন্য রওনা দেবে পুলক। পুলকের বিয়ে নিয়ে সবাই খুব এক্সাইটেড। একজন আরেকজনকে তাড়া দিচ্ছে। ব্যান্ডপার্টির সঙ্গে নাচানাচি করছে মহল্লার যুবকরা। এমন সময় একজন ছুটে এসে জানায়, এই বিয়ে হবে না। বিয়ের পাত্রী নাকি পালিয়ে গেছে।

বিয়েবাড়ির সব মানুষ যেন আকাশ থেকে পড়ে। পুলকের বিয়ে ভাঙার ঘটনা এটাই প্রথম না। এর আগেও সাতবার বিয়ে ভেঙেছে তার। বিয়ে ভাঙতে ভাঙতে সবাই তার বিয়ের আশা ছেড়েই দিয়েছে। পুলকের বোন অনেক খাটাখাটনি করে এই বিয়েটা ঠিক করেছিল। পাত্রীপক্ষ এমনকি পাত্রী নিজেও পুলককে পছন্দ করেছে। সপ্তমবারের মতো এই বিয়ে ভাঙার ঘটনায় পুরো বাড়ির সবার মন ভেঙে যায়, কিন্তু কেবল একজনই খুশি। আর সে হচ্ছে পুলক নিজে।

অভিনয় করেছেন জাহিদ হাসান, স্বর্ণলতা দেবনাথ, ডা. এজাজ, সাদিয়া তানভীন, সৈয়দা নওশিন দিশাতন্ময় সোহেল, আমিন আজাদ, তারিক স্বপন, তাবাসসুম মিথিলা, কামরুন্নাহার রুমা, শেখ চাঁদনী, মোমিন বাবু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত