স্পনসর ছিল না, তবু মদ বা তামাকের বিজ্ঞাপন করিনি: টেন্ডুলকার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩২ এএম

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী শচীন টেন্ডুলকারকে আজীবন সম্মাননা দিল দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। গতকাল শনিবার বিসিসিআইয়ের অনুষ্ঠানে শচীনকে ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য ‘কর্নেল সিকে নাইডু’ জীবনকৃতি সম্মান তুলে দেন বোর্ডের সাবেক সচিব তথা বর্তমানে আইসিসির চেয়ারম্যান জয় শাহ।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় নিজের অতীত এবং জীবনবোধ নিয়ে শচীন বলেন, ‘নব্বইয়ের দশকে দুই বছর আমার ব্যাটের কোনো স্পনসর ছিল না। তারপরও মদ বা তামাকের বিজ্ঞাপন করিনি। কারণ, আমার জীবনে মূল্যবোধের বড় ভূমিকা আছে। পরিবারের শিক্ষা সবসময় আমাকে সামনে নিয়ে যেতে সাহায্য করেছে।’

১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে ভারতীয় দলে অভিষেক হয়েছিল শচীনের। এরপর থেকে ব্যাটিংকে তিনি পরিণত করেন শিল্পে। সেই ব্যাটিংই তাকে বিখ্যাত করেছে, তাই ব্যাটকে এখনও প্রণাম করেন শচীন, ‘ক্রিকেট না থাকলে এই ঘরে আমরা বসে থাকতাম না। এটাই আমার কাছে সবচেয়ে বড় উপহার। আমাদের কাছে ব্যাট-বল আছে, সেটাকে শক্ত করে ধরে থাকতে হবে। মুঠো আলগা করলে যাবে না। যদি মুঠো আলগা হয় তা হলে ক্যারিয়ারও ধীরে ধীরে শেষ হয়ে যাবে।’

১৯৯৪ সাল থেকে ভারতের প্রথম অধিনায়ক সিকে নাইডুর নামে এই পুরস্কার দিয়ে আসছে বিসিসিআই। ৩১তম ক্রিকেটার হিসেবে টেন্ডুলকার পেলেন এই পুরস্কার। এছাড়া সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ‘পলি উমরিগড়’ পুরস্কার পেয়েছেন যশপ্রীত বুমরা। একই ক্যাটাগরিতে মেয়েদের ক্রিকেটে পুরস্কার পেয়েছেন স্মৃতি মান্ধানা। এছাড়া রবিচন্দ্রন অশ্বিনকে দেওয়া হয়েছে বিশেষ পুরস্কার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত