ধারে খেলতে গিয়ে অভিষেকেই ম্যাচসেরা হামজা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৭ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে বেশির ভাগ সময় হামজাকে বেঞ্চে থাকতে হয়েছে। বদলি হিসেবেও খেলার কমই সুযোগ পেয়েছেন। সম্প্রতি তাকে শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলতে পাঠায় লেস্টার। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাবটির হয়ে প্রথমবারের মতো খেলতে নেমেই হামজা জিতলেন ম্যাচসেরার পুরস্কার।

গতকাল শনিবার রাতে ডার্বি কাউন্টির মাঠ প্রাইড পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-০ গোলে জিতেছে হামজার নতুন ক্লাব শেফিল্ড ইউনাইটেড। শেফিল্ড। ৪৯ মিনিটে জয়সূচক গোলটি করেছেন চিলির ফরোয়ার্ড বেন ব্রেন্টন দিয়াজ। ম্যাচজুড়ে হামজা বল স্পর্শ করেছেন ৬১ বার, পাস বাড়িয়েছেন ৮০ শতাংশ, লম্বা করে বল বাড়িয়েছেন ৪বার, প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়েছেন তিনবার।

ম্যাচের সেরা খেলোয়াড় বেছে নিতে শেফিল্ড ইউনাইটেডের এক্স পেজে ভোটও চাওয়া হয়েছিল। সেখানে ৭০.৫০ শতাংশ ভোট পান হামজা। ইউনাইটেড কোচ ক্রিস ওয়াইল্ডার বলেছেন, ‘হামজা হামজার মতোই খেলেছে। বেশ কিছু ধরে সে কোনো ধরনের ফুটবল খেলেনি। এরপরও মাঠে প্রতিটি ভূমিকায় সে চেনা ছন্দে ছিল। ভেবেছিলাম ৭০ মিনিট পর তুলে নিব। কিন্তু ওই সময় সে এতটা ভালো খেলছিল যে সেটা আর করা হয়নি।’

উল্লেখ্য, সব ঠিক থাকলে আগামী মার্চে বাংলাদেশের হয়ে অভিষেক হবে হামজা চৌধুরীর। তার আগে এমন পারফর্মেন্স নিশ্চিতভাবেই অনুপ্রেরণাদায়ী। এছাড়া সামনে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলারও সম্ভাবনা আছে হামজার সামনে। কারণ ইংলিশ চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুই দলের সরাসরি প্রিমিয়ার লিগে উত্তরণ হয়। অবস্থান ধরে রাখতে পারলে আগামী মৌসুমে আবারও প্রিমিয়ার লিগে খেলবে শেফিল্ড ইউনাইটেড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত