ছোট দলের কাছে হেরে রেফারিকে দোষ দিলেন আনচেলত্তি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪২ পিএম

লা লিগায় বড়সড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। টানা চার জয়ের পর এস্পানিওলের মতো শক্তিতে অনেক পিছিয়ে থাকা দলের কাছে তারা হেরে গেছে। শনিবার রাতে ১-০ ব্যবধানে ওই হারের পর মুখ খুলেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তিনি দায় দিয়েছেন রেফারিকে। ম্যাচের একমাত্র গোলদাতা কার্লোস রোমেরো লাল কার্ড দেখার মতো ফাউল করেও বেঁচে গেছেন বলে অভিযোগ রিয়াল কোচের।

ম্যাচের ৮৫মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে ছয় গজ বক্সের কোণা থেকে ভলিতে গোল করে রিয়ালকে স্তব্ধ করে দেন রোমেরো। এর আগে ৬১তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে প্রতি আক্রমণে দৌড়ানো অবস্থায় তাকে ট্যাকল করে ফেলে দেন রোমেরো। খালি চোখেই বোঝা যাচ্ছিল, রোমেরো ইচ্ছাকৃতভাবেই সেই বিপজ্জনক ফাউল করেছেন। এ ঘটনায় রেফারি তাকে হলুদ কার্ড দেখান, যা নিয়ে আপত্তি আনচেলত্তির।

ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, ‘রেফারি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা ব্যাখ্যার কিছু নেই। সবাই দেখেছে কী ঘটেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে খেলোয়াড়ের সুরক্ষা নিশ্চিত করা। সে জায়গায় পরিষ্কার একটা ফাউল হলো। খুবই কুৎসিত। সৌভাগ্যবশত খারাপ কিছু ঘটেনি। কিন্তু এটা দেখার জন্য ভিএআর ছিল। এ ঘটনায় লাল কার্ড না দেখানোটা আমাদের কাছে ব্যাখ্যাতীত।’

অবশ্য রোমেরো নিজেও স্বীকার করেছেন, এমবাপ্পেকে ফাউল করা কুৎসিত একটা ব্যাপার ছিল। এজন্য দুঃখপ্রকাশ করে তিনি ম্যাচ শেষে বলেন, ‘আমি জানতাম, তখন এমবাপ্পে যেভাবে দৌড়াচ্ছিল, থামানো অসম্ভব। যে কারণে থামাতে যেভাবে চ্যালেঞ্জ করা দরকার ছিল, আমি সেটাই করেছি। কিছুটা কুৎসিতই ছিল সেটা। ব্যাপারটা আমার নিজেরও ভালো লাগেনি। আমি এমবাপ্পের কাছে দুঃখপ্রকাশ করেছি।’

শুধু রোমেরোকে কার্ড দেখানো নয়, রিয়ালের একটি গোলও বাতিল করেছিলেন রেফারি। ম্যাচের প্রথমার্ধে ভিনিসিয়ুস জুনিয়রের একটি গোল এমবাপ্পের ফাউলের কারণে বাতিল করা হয়েছিল। এ নিয়েও পরোক্ষভাবে রেফারির সমালোচনা করেছেন আনচেলত্তি, ‘ম্যাচে আমাদের নিয়ন্ত্রণ ছিল, দ্বিতীয়ার্ধে আমরা সুযোগও তৈরি করেছি। একটা গোল আবার বাতিল হয়ে গেছে, বল বারেও লেগেছে।’

রিয়াল কোচের জন্য এই ম্যাচ হতাশার হলেও এস্পানিওলের জন্য মহানন্দের। কারণ দারুণ এই জয়ে অবনমন স্তর থেকে তারা উঠে এসেছে। ২২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন ১৭ নম্বরে। ২২ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত