ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ৩৬ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংকের ৮৬ কোটি ৬৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম এবং ছেলে মো. আসিবুর রহমানের বিরুদ্ধে ১৪ কোটি ৩৬ লাখ ২৫ হাজার ৯১১ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আরও দুটি মামলা করা হয়েছে। গতকাল রবিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা করা হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন নিশ্চিত করেন।
মামলার এজাহারে বলা হয়, সাবেক মন্ত্রী শাজাহান খান অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৫৫৫ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করে নিজ ভোগ দখলে রাখা এবং তার ৯টি ব্যাংক হিসাবে ৮৬ কোটি ৬৯ লাখ ৩২ হাজার ৭৬৯ টাকার সন্দেহজনক লেনদেন করার অভিযোগে মামলাটি করা হয়।
