টানা দ্বিতীয় শিরোপা থেকে এক জয় দূরে বরিশাল

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৮ এএম

বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে অভিষিক্ত মোহাম্মদ আলির ৫ উইকেট শিকার এবং তাওহীদ হৃদয়ের আসরসেরা নৈপুণ্যে জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। ১৬ বল হাতে রেখে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় বিপিএল ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটি। দ্বিতীয় কোয়ালিফায়ারে বুধবার খুলনার মুখোমুখি হবে চিটাগং।

একদিন আগেই বরিশালকে হারিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসে প্রথম কোয়ালিফায়ার খেলার যোগ্যতা অর্জন করেছিল চিটাগং কিংস। ওই ম্যাচ শেষে নিজেদের বোলিং বিভাগের খামতির কথা সংবাদ সম্মেলনে লুকাননি ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। তাছাড়া এলিমিনেটর ম্যাচে এক ঝাঁক তারকা নামিয়ে রংপুরের অসহায় আত্মসমর্পণ মাঠে বসেই চাক্ষুস করেন দুই দলেরই ক্রিকেটাররা। একাদশ নির্বাচনে তাই পরীক্ষিত পুরনোদের ওপরেই ভরসা রাখে দুদল। পুরনো কাইল মায়ার্সের সঙ্গে বরিশাল একাদশে দেখা যায় শুধু একটি নতুন মুখ।

গত বছর পাকিস্তান সফরের কথা সবারই মনে থাকার কথা। ওই সফরেই যে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক সিরিজ জয় করেছিল বাংলাদেশ। সেই সিরিজের দুটি টেস্টেই পাকিস্তানের একাদশে ছিলেন এক অখ্যাত পেসার। এমনকি রাওয়ালপিন্ডির প্রথম টেস্টে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেনও তিনি। তার নাম মোহাম্মদ আলি। চিটাগংয়ের বিপক্ষে সারপ্রাইজ প্যাকেজ হিসেবে তাকে অভিষেক করায় ফরচুন বরিশাল। আলি প্রতিদানও দিয়েছেন যথার্থ রূপে। ২৪ রানে ৫ উইকেট শিকার করে চিটাগংকে থামান ১৪৯ রানে। টি-টোয়েন্টিতে কখনো ৫ উইকেট না পাওয়া আলি বিপিএল অভিষেক ফাইফার পাওয়া দ্বিতীয় বোলার বনে যান। আর স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ওভারে ৪ উইকেট নেওয়া ১৪তম বোলার হন তিনি। আলির আগে চিটাগংয়ের টপ অর্ডারে আঘাত হানেন মায়ার্স। খাজা নাফায় ও গ্রাহাম ক্লার্ককে ইনিংসের ১৩ বলের মধ্যেই ফিরিয়ে দেন তিনি। চিটাগংয়ের ৯ উইকেটে ১৪৯ রান তোলার পেছনে কৃতিত্ব শামিম হোসেন পাটোয়ারি ও পারভেজ হোসেন ইমনের। পঞ্চম উইকেটে দুজনের ৫০ বলে ৭৭ রানের জুটি নূন্যতম লড়াইয়ের পুঁজি এনে দেয় চিটাগংকে। শামিম ৯ চার ও ৪ ছক্কায় ৪৭ বলে ৭৯ রানের দারুণ ইনিংস উপহার দেন। ইমন করেন ৩৬ বলে ৩৬ রান। এছাড়া তাদের আর কেউ দুই অংক ছুঁতে পারেননি।

১৫০ রানের লক্ষ্য তাড়ায় এবার আর চিটাগংয়ের বিপক্ষে পথ হড়কায়নি বরিশাল। অধিনায়ক তামিমের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৫৫ রান তোলেন হৃদয়। ৯ম ওভারে তামিম ফেরেন ২৬ বলে ২৯ রান করে। বাকি পথটুকু ডাভিড মালানকে নিয়ে পাড়ি দেন হৃদয়। মালান করেন ২২ বলে ৩৪ রান। আর হৃদয়ের ব্যাটে আসে ৯ চার ও ২ ছয়ে ৫৬ বলে ৮২ রান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত