বিপিএলে প্লে অফে ওঠা দলগুলোতে বিদেশি ক্রিকেটার আনার হিড়িক পড়ে গেছে। ফরচুন বরিশালে জিমি নিশাম, খুলনা টাইগার্সে জেসন হোল্ডার ও শিমরন হেটমায়ার, রংপুর রাইডার্সে এসেছেন আন্দ্রে রাসেল, জেমস ভিন্স ও টিম ডেভিড। তবে প্লে অফে ওঠা আরেক দল চিটাগং কিংস এই হুজুগে মাতছে না। আগে থেকেই দলে যে বিদেশিরা আছে, তাদেরকে নিয়েই বাকি টুর্নামেন্ট শেষ করতে চায় চিটাগং।
বরিশালের কাছে প্রথম কোয়ালিফায়ারে হারের পর সংবাদ সম্মেলনে চিটাগং কিংস অধিনায়ক মোহম্মদ মিঠুন বলেন, ‘এখন পর্যন্ত এমন (বিদেশি ক্রিকেটার আনার) পরিকল্পনা নেই। আমরা আসলে এটায় বিশ্বাসীও না। শুধু বড় নাম হলেই হয় না। আমাদের যে বিদেশি ক্রিকেটাররা আছে, তারা পুরো টুর্নামেন্টটা খেলছে। এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে। আমরা এটা বিশ্বাস করি না যে বড় নাম আনলেই ওরা ডেলিভার করে দেবে। নাও তো করতে পারে।’
খুলনার বিপক্ষে এলিমিনেটর ম্যাচের দিন সকালে ঢাকায় পৌঁছে কোনো বিশ্রাম ছাড়াই খেলতে নেমে রংপুরের রাসেল, ভিন্স ও ডেভিড ব্যাট হাতে দুই অঙ্ক ছুঁতে পারেননি। তিন জনের সম্মিলিত সংগ্রহ ১২ রান! এই উদাহরণ টেনে মিঠুন বলেন, ‘(তাড়াহুড়ো করে এসে খেলতে নেমে যাওয়া) ক্রিকেটীয় দিক থেকে আদর্শ নয়। রংপুরের ক্রিকেটাররা আজকে সকালে পৌঁছেছে। দীর্ঘ ভ্রমণ করে জেট ল্যাগের ব্যাপার থাকে।’
বিদেশি ক্রিকেটাররদের হুটহাট মাঠে নামানোর নিজেদের অভিজ্ঞতাও জানান মিঠুন, ‘প্রথম ম্যাচে আমাদেরও বেশ কয়েকজন ক্রিকেটার সকালে এসে পৌঁছেছিল। সেদিন আমরা বুঝতে পেরেছিলাম, মাঠে তারা শতভাগ দিতে পারছে না। তারাও পরে এটি বলেছে। একজন ক্রিকেটার হিসেবে আমি কখনও মনে করি না এটি আদর্শ কিছু। যত বড় ক্রিকেটারই হোক, আনার পর পরিপূর্ণ বিশ্রাম দিয়ে যদি খেলানো যায়, সেটা আদর্শ।’
টানা দ্বিতীয় শিরোপা থেকে এক জয় দূরে বরিশাল
নিজেই বয়ে নিয়ে এসে ভক্তদের সঙ্গে জন্মদিনের কেক কাটলেন মরিসন
রিয়ালে থাকলে এমবাপ্পেকে 'নাম্বার নাইন পজিশনে' খেলা শেখাতেন রোনালদো