আ.লীগের লিফলেট বিতরণকারীকে আশ্রয়, শেকৃবির দুই ডেপুটি রেজিস্ট্রার সাময়িক বহিষ্কার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২২ পিএম

আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরণকারী ৩১ তম সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়াকে সহযোগিতা করার অভিযোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দুই ডেপুটি রেজিস্ট্রারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) শেকৃবি উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সাময়িক বহিষ্কৃতরা হলেন- ডেপুটি রেজিস্ট্রার মো. ইলিয়াছুর রহমান ও ডেপুটি রেজিস্ট্রার গোলাম সারোয়ার। 

পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেকৃবির এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন কার্যালয়ে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার মো. ইলিয়াছুর রহমান ও কৃষি অর্থনীতি বিভাগে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার গোলাম সারোয়ারকে চাকরির শৃঙ্খলা পরিপন্থী আচরণ অর্থাৎ শেকৃবির জন্য প্রযোজ্য চাকরি বিধি-সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) উপ-বিধিতে বর্ণিত 'অসদাচরণ' এর দায়ে উক্ত বিধিমালা'র ১২(১) উপ-বিধি মোতাবেক বিশ্ববিদ্যালয়ের চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

এ বিষয়ে শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ দেশ রূপান্তরকে বলেন, লিফলেট বিতরণকারীকে সহযোগিতা করায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমরা তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে কমিটি হবে তদন্ত হবে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

এর আগে আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়াকে সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াসুর রহমানের বাসা থেকে আটক করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ডিবি। পরে রাত ১০টায় আশ্রয়দানকারী ইলিয়াসুর রহমানসহ অন্যান্য আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে আলাদা আলাদা মিছিল করেন শেকৃবি ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত