গাজা দখলের প্রস্তাবে নিন্দা সমালোচনায় বিদ্ধ ট্রাম্প

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৪ এএম

ফিলিস্তিনিদের স্থানান্তর করে গাজা দখলের প্রস্তাব দিয়ে বিশ্বব্যাপী চাঞ্চল্য তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনা ঘোষণা করেন তিনি। এরপরই নিজ দেশ ও বহির্বিশ্বে সমালোনার মুখে পড়েছেন ট্রাম্প। তার এই ঘোষণায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। গাজা নিয়ে শত্রুতাপূর্ণ মন্তব্যের সমালোচনা করেছে হামাস।

ট্রাম্পের গাজার বাসিন্দাদের স্থায়ীভাবে সরিয়ে ভূখণ্ডটি দখল প্রস্তাবের তীব্র নিন্দা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ট্রাম্পের এ প্রস্তাবকে শত্রুতাপূর্ণ অভিহিত করে হামাস বলেছে, ট্রাম্পের এ মনোভাব মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি একটি হুমকি। ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদে দেওয়া বিবৃতিতে হামাস বলেছে, ফিলিস্তিনের জনগণ ও তাদের প্রতিরোধের দলগুলো কোনো বিদেশি শক্তিকে তাদের ভূমি দখল করতে বা তাদের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে দেবে না। সেই সঙ্গে এ বিষয়ে আলোচনার জন্য আরব লিগ, ওআইসি এবং জাতিসংঘকে জরুরি বৈঠক ডাকা এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এই প্রস্তাবে নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, নিজেদের ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের যে কোনো প্রস্তাব সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে রিয়াদ। মধ্যপ্রাচ্যের সংঘাতময় অঞ্চলটিতে দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন করার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ জাতিগত নিধন বলে মন্তব্য করেছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রের নির্বাহী পরিচালক পল ও ব্রায়েন।

নিন্দা জানিয়েছেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন ও ফিলিস্তিনি-মার্কিন ডেমোক্র্যাট আইনপ্রণেতা রাশিদা তালিব।। ট্রাম্পের প্রস্তাব অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট প্রতিনিধি জেক অশিনক্লস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত