কুমিল্লায় সাবেক এমপি বাহাউদ্দিনের বাড়িতে ভাঙচুর

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৮ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে উত্তাল কুমিল্লা। বক্তব্যের প্রতিবাদে নগরীর পূবালী চত্বর এলাকায় দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুবদের জনতা।

দ্বিতীয় দফা কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। 

এর আগে রাত সাড়ে ১২টার দিকে নগরের রামঘাট এলাকায় অবস্থিত কুমিল্লা মহানগর ও কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগের কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা চালায়। দক্ষিণ জেলা আ.লীগের কার্যালয়ের প্রধান ফটকের সামনে থাকা ইটের গাঁথুনি ভেঙে ফেলেন বিক্ষুব্ধ জনতা।
 
স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, রাত একটার দিকে কুমিল্লা নগরের মুন্সেফবাড়ি এলাকায় অবস্থিত বাহাউদ্দিনের বাড়ির জানালার গ্রিল ভাঙার চেষ্টা করেন বিক্ষুব্ধরা। অনেকে বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে বাড়িটিতে ভাঙচুর চালান তারা। পরে পেট্রোল ঢেলে বাড়ির কয়েকটি কক্ষে এবং ভবনের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও ওই বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছিল।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান বলেন, ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। স্বৈরাচারী দেশ থেকে পালানোর পরও আবার কখনো ভিডিও বার্তা, কখনো অডিও বার্তার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন। তার এসব অপতৎপরতা দেশের ছাত্র-জনতা মেনে নেবে না। তাই বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের অফিস ভাঙচুর শেষে বাহারের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত