বরিশাল সমিতি জাতীয় প্যারা অলিম্পিক

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫০ এএম

বরিশাল জেলা সমিতির পৃষ্ঠপোষকতায় ও ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এ বছর শারীরিক প্রতিবন্ধীদের জন্য বেশ কিছু টুর্নামেন্টের আয়োজন করা হবে। এ ব্যাপারে গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে ঢাকাস্থ বরিশাল জেলা সমিতি ও ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

টুর্নামেন্টগুলোর মধ্যে রয়েছে প্যারা ক্রিকেট, প্যারা ব্যাডমিন্টন, প্যারা টেবিল টেনিস ও দাবা। এ ছাড়া খেলোয়াড় ও কোচদের প্রশিক্ষণ দেওয়া হবে। চুক্তি অনুযায়ী ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশ বরিশাল সমিতিকে ঢাকায় প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষ স্কুল প্রতিষ্ঠায় সহায়তা প্রদান করবে।

বরিশাল জেলা সমিতির সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক সোহেল ও ন্যাশনাল প্যরা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মাকসুদুর রহমান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বরিশাল জেলা সমিতির সভাপতি ও গ্লোবাল ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ডক্টর এনায়েত করিম এবং ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শেখ আবদুস সালাম উপস্থিত থেকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান পর্যবেক্ষণ করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বরিশাল জেলা সমিতির সহসভাপতি অ্যাডভোকেট আবদুল লতিফ, এম জহিরুল আলম ইকবাল, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, ট্রেজারার মো. হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত