কালীগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৩ পিএম

গাজীপুরের কালীগঞ্জে বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ-উদ্দৌলা দুলালের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নস্থ বিদ্যালয় সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, নারীলোভী একজন শিক্ষক যেই বিদ্যালয়ে থাকবে সেই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ধ্বংসের দ্বারপ্রান্তে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ-উদ্দৌলা একাধিকবার নারী কেলেঙ্কারিতে ধরা পড়েছে।

বৃহস্পতিবার রাতে খলাপাড়া এলাকায় এক নারীর বাড়ি থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এতে স্কুলের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। স্কুলের সুনাম অক্ষুণ্ণ রাখতে আমরা তার অপসারণ দাবি করছি। 

বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, একজন শিক্ষক সমাজের আদর্শ ব্যক্তি। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক একজন নারীলোভী এটা লজ্জাজনক। এমন চরিত্রহীন শিক্ষকের অপসারণের দাবি জানাই। তার জন্য বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বিঘ্ন হচ্ছে। 

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ সোলায়মান আলমের সভাপতিত্বে বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে সহকারী শিক্ষক বিভাষ কুমার সাহাকে দায়িত্ব প্রদান করেন।  

সভাপতি মোহাম্মদ সোলায়মান আলম বলেন, কমিটি গঠনের পর আজ প্রথম শিক্ষক ও কমিটির সদস্যদের নিয়ে মিটিং করেছি। স্কুলের শিক্ষার মানোন্নয়নের জন্য সার্বিকভাবে কাজ করে যাব। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত