সিইপিজেডে কারখানা বন্ধের খবরে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩২ পিএম

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) বন্ধ ঘোষণার পর ‘প্যাসিফিক ক্যাজুয়েলস’ নামে একটি কারখানার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে শেষ খবর পাওয়া পযর্ন্ত শ্রমিকদের একটি পক্ষ সড়ক অবরোধ করে রেখেছে বলে খবর পাওয়া গেছে।

এর আগে সকালে কারখানার বন্ধের খবরে শ্রমিকেরা দুটি গ্রুপে ভাগ হয়ে ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি অবস্থান নেন। এ সময় দুই পক্ষের শ্রমিকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরে পুলিশ ও  সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শ্রমিকদের এক পক্ষ বলছে, মালিকপক্ষ গতমাসে অনেক দাবি-দাওয়া মেনে নিয়েছে। আপত্তি থাকলে গতমাসেই মীমাংসার প্রয়োজন ছিল। প্রতিমাসে আন্দোলন করলে মালিকপক্ষ তো ক্ষুব্ধ হবেই। 

চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার  মোহাম্মদ সুলাইমান বলেন, ‘ঘটনা সমাধানের  চেষ্টা চলছে।’ 

সিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান সাংবাদিকদের বলেন, ‘আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা দুই-তিন দিন পর কারখানা চালু করবেন বলে জানিয়েছেন।’

এর আগে রবিবার (৯ ফেব্রুয়ারি) খাদ্য ভাতা, চিকিৎসা ভাতাসহ বিভিন্ন বাড়তি সুবিধার দাবিতে বিক্ষোভ করেন প্যাসিফিক ক্যাজুয়েলসের শ্রমিকেরা। একপর্যায়ে সেখানে কয়েকজন কর্মকর্তা এসে তাদের আশ্বস্ত করেন। তবে শ্রমিকেরা এ সময় তাদের ওপর চড়াও হন। এরপর রাতে কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সিনিয়র ব্যবস্থাপকের সই করা বিজ্ঞপ্তিতে কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত