লক্ষ্মীপুরের রামগতি বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ২০টি দোকান। এতে করে অন্তত ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। জ্বালানি তেলের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে মুদি ও কাপড়ের দোকান রয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, মঙ্গলবার সকাল ৬টার দিকে রামগতি বাজারের মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডার থেকে দোকানে ভয়াবহ আগুনের লেলিহান শিখা দেখতে পায় ব্যবসায়ীরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফলে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
রামগতি ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে দুই ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এর মধ্যে ২০টি দোকান পুড়ে গেছে। এতে অনেক ক্ষতি হয়েছে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা হতে পারে।
রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুন লেগেছে। তেল ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ আগুনের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়েছে।
