কুমিল্লায় জায়গা দাবি করে বসতঘর ভাঙচুরের অভিযোগ 

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৫ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে জায়গা দাবি করে বসত ঘর ভাঙচুর করার অভিযোগ ওঠেছে আক্কাস নামের এক প্রভাবশালীর ব্যক্তির বিরুদ্ধে। বুধবার (১২ ফেব্রুয়ারি) পৌর সদরের চৌগুরী গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। 

অভিযোগ সূত্র জানা যায়, চৌগুরী গ্রামের মৃত বাচ্চু মিয়া তার মেয়ে পান্না বেগমকে জীবিত থাকা অবস্থায় সাড়ে ৭ শতক জায়গা দলিল করে দিয়ে যান। ওই জায়গায় নতুন ঘর নির্মাণের উদ্দেশ্যে আরসিসি পিলার ঢালাইয়ের কাজ করছেন। পরে তার আপন ভাইয়েরা ঘরের নির্মাণ কাজ বন্ধ করে দেন। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়। কিন্তু কোনো সামাধন না হওয়াই ওই জায়গাতে একচালা একটি টিনের ঘর তৈরি করে বসবাস করছেন পান্না বেগম। পান্না বেগম ঘরে না থাকায় হুট করে বুধবার দুপুরে আক্কাস ও তার ছেলে সৈকত, সোহরাব ও স্ত্রী মায়া বেগমসহ ১০-১২ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ওই জায়গা তাদের দাবি করে বসত ঘরটি ভাঙচুর করে। সেই সঙ্গে ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে ভুক্তভোগী পান্না বেগম বলেন, দুপুরে তিনি গোসল করতে গেলে তার চাচা আক্কাস ও তার ছেলে, স্ত্রীসহ ১০-১২ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বসত ঘরটি ভাঙচুর করে। প্রয়োজনীয় আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এ জায়গা নিয়ে অনেক কষ্ট পাচ্ছি। 

তিনি আরও বলেন, আমার ভাই ও চাচা কেউই আমাকে এখানে থাকতে দিচ্ছে না। অথচ আমার বাবা আমাকে সাড়ে ৭ শতক জায়গা দলিল করে দিয়েছে। বসত ঘর না থাকায় ওখানে বসত ঘর তৈরি করতে গেলে তারা বাধা দিচ্ছেন। এ নিয়ে এলাকায় বেশ কয়েক বার সালিশ বৈঠক হয়। কিন্তু তারা কিছুই মানে না। এখন আমাকে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হবে। তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন। 

এ বিষয়ে অভিযুক্ত আক্কাসের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। 

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, ঘটনাটি নিয়ে এখনও কোনো অভিযোগ হয়নি। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত