অর্থ আত্মসাতের অভিযোগ, পদায়নের ২৮ দিনেই এসিল্যান্ডকে বদলি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৩ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিনের বিরুদ্ধে মোবাইল কোর্টের জরিমানার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এরপর পরই তাকে বান্দরবানের রোয়াংছড়িতে বদলি করা হয়েছে। ফটিকছড়িতে যোগদানের ২৮ দিনের মাথায় তাকে বদলি করা হলো।

জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি রাতে উপজেলার নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুয়াবিল এলাকায় অবৈধ উপায়ে টিলা কাটার বিরুদ্ধে অভিযান চালান এসিল্যান্ড। সেখান মোবাইল কোর্ট পরিচালনা করে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর ও দুটি ড্রাম ট্রাক জব্দ করে তার হেফাজতে নিয়ে আসা হয়। পরদিন ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানার বিনিময়ে এস্কেভেটর ও গাড়ি দুটিকে ছেড়ে দেওয়া হলেও রার্ষ্ট্রীয় কোষাগারে জমা দেন এক লাখ দশ হাজার।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন বলেন, জরিমানার ১ লাখ ৬০ হাজার টাকা বলে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। সেদিনের আদায়কৃত অর্থের রশিদ দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নে এসিল্যান্ড জানান, যেদিন গাড়িগুলো ছাড়িয়ে নেয় সেদিন ছুটিতে যাচ্ছিলাম। তাড়াহুড়ার কারণে রশিদ দিতে পারিনি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে তার বদলির আদেশের ব্যাপারে বিভাগীয় কমিশনার স্যার ভালো বলতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত