জামায়াত আমির

খুনিদের বিচার ও প্রয়োজনে সংস্কার করতে হবে, তারপর নির্বাচন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৫ পিএম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, খুনিদের বিচার করতে হবে। প্রয়োজনে সংস্কার করতে হবে। তারপর একটি সুষ্ঠু নির্বাচন করতে হবে। এই তিনটি জনগণের দাবি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে নরসিংদীর সাটিরপাড়া কালী কুমার ইন্সটিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে জামায়েতে ইসলামী নরসিংদী জেলা শাখার উদ্যোগে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, অবশ্যই নির্বাচন হতে হবে। তবে যেনতেন মার্কা নির্বাচন আমরা চাই না। নির্বাচনের মতো নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচন চাই। যেই নির্বাচনে পেশিশক্তি আর কালোটাকার খেলা চলবে না। এমন একটি নির্বাচন আমরা চায়।

এটা সহজে আসবে না আমরা বুঝতে পারছি। এর জন্য বড় একটা লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে নেতা-কর্মীদের নির্দেশনা দেন।

জামায়েত আমির বলেন, জুলাই-আগস্টে একটা ধাক্কা দেওয়া হয়েছে। আরেকটি ধাক্কা এই জাতিকে দিতে হবে। অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটার তালিকা সংশোধন করতে হবে। ভুয়া ভোটার বাদ দিতে হবে। মৃত ভোটারদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। যেসব মানুষ ভোটার হয়েছে, কিন্তু নাম তালিকাভুক্ত হয়নি তাদের অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই-আগস্টের আন্দোলন সফল করতে সারা বিশ্বের মানুষ বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে একাকার ছিল। 

তিনি আরো বলেন, মাঠ প্রশাসনে যারা আছেন। যারা অতীতে দায়িত্বের পরিচয় দিতে পারেননি। দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। যাদের হাত থেকে জনগণের কেনা পয়সার বুলেট জনগণের বুকে বিঁধেছে। আমরা আগামী নির্বাচনে তাদের কোন দায়িত্বে দেখতে চাই না। কথা এক দম সাফ।

প্রশাসনের সৎ ও দেশপ্রেমিক যারা আছেন, তাদের সঙ্গে হাত মিলিয়ে দেশবাসী কাজ করবে। জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াতের আপসহীন লড়াই চলবে বলে উল্লেখ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত