বৈষম্যবিরোধীদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা 

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৫ এএম

আত্মপ্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটি। বুধবার দিনগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক ও নির্বাহী সদস্য রিফাত রশীদ এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

লিখিত বিজ্ঞপ্তি পাঠ করে রিফাত রশীদ বলেন, প্রিয় দেশবাসী, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট স্বৈরাচার ও খুনী হাসিনা দেশ থেকে পলায়নের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা ঘটেছে। যে অভ্যুত্থানে সরকারি, আধা-সরকারি, বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার দুই হাজারের বেশি শিক্ষার্থী প্রাণ দিয়েছে। সেই সাথে প্রাণ দিয়েছে অসংখ্য শ্রমিক ও ছাত্রজনতা। অঙ্গহানি হয়েছে অর্ধলক্ষেরও বেশি মানুষের। এই লড়াইয়ে অগ্রণী ভূমিকা রেখেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তিনি আরও বলেন, গত ২৬ ফেব্রুয়ারি এম জে এইচ মঞ্জুকে আহ্বায়ক, আতিক শাহরিয়ারকে সদস্য সচিব, ওমর ফারুককে মুখ্য সংগঠক ও সাবিলাকে মুখপাত্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির আত্মপ্রকাশ করা হয়েছে।

রিফাত রশীদ জানান, দেশের গণমানুষের আকাঙ্খা ও শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে বাংলাদেশ বিনির্মাণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত